নাটক নিয়েই খুশি সাবিলা নূর
ছোটপর্দার অনেক জনপ্রিয় অভিনেত্রীর লক্ষ্য থাকে বড় পর্দায় অর্থ্যাৎ চলচ্চিত্রে অভিনয় করার। কিন্তু এ প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর বললেন ভিন্ন কথা।
চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা আছে কি না জানতে চাইলে এনটিভি অনলাইনকে সাবিলা নূর বলেন, ‘চলচ্চিত্রে কাজ করার আগ্রহ সবার থাকে। বড়পর্দায় অভিনয় করার আলাদা আনন্দ রয়েছে। কিন্তু সত্যি বলছি, আমি নাটক নিয়েই খুশি। এ কথা যাঁরাই শোনেন, তাঁরা সবাই অবাক হন। চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পাচ্ছি। কিন্তু এখন একদম চলচ্চিত্রে কাজ করতে চাই না। নাটকেই শুধুমাত্র অভিনয় চালিয়ে যেতে চাই। এ ছাড়া নাচ ও মডেলিং নিয়মিত করছি।’
চলচ্চিত্রকে আপাতত ‘না’ বলার কারণ নিয়ে সাবিলা নূর আরো বলেন, ‘এখন পড়াশোনা নিয়ে আমি ব্যস্ত সময় পার করছি। পড়াশোনার ফাঁকে ফাঁকে মিডিয়ায় কাজ করছি। সময় একটা বড় ব্যাপার। এ ছাড়া ভালো গল্প, চিত্রনাট্য, পরিচালক ব্যাটে-বলে মিলে গেলেই চলচ্চিত্রে অভিনয় করার কথা ভাবব। তবে এখন অবশ্যই নয়।’
বাংলাদেশের অভিনেত্রীদের অনেকেই সাবিলার পছন্দের তালিকায় রয়েছেন। তাঁর নাকি বেশি ভালো লাগে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ও অপর্ণা ঘোষকে। তাঁদের নির্বাচিত কাজ ও সাবলীল অভিনয়ের দারুণ ভক্ত বলে জানালেন সাবিলা।

নাইস নূর