অসুস্থ সালমান, শুটিং বন্ধ
কাশ্মীরের বন্যায় একবার শুটিং বন্ধ হওয়ার অবস্থা সৃষ্টি হয়েছিল। তবে পরিচালক কবির খান শুটিং বন্ধ করেননি। কিন্তু কপালে থাকলে যা হয় আর কী! এবার অসুস্থ হয়ে পড়লেন ছবির নায়ক সালমান খান। তাই দুদিন ধরে বন্ধ ছিল ‘বাজরাঙ্গি ভাইজান’ ছবির শুটিং। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে এ কথা নিশ্চিত করেছেন ছবির মুখপাত্র।
ভারতের কাশ্মীরে ৪০ দিনের শুটিং শিডিউল ছিল ছবিটির শেষ লটের কাজের জন্য। এতে সালমান খানের সঙ্গে আছেন কারিনা কাপুর খান ও নওয়াজউদ্দিন সিদ্দিকী।
কানের ইনফেকশন এবং সাইনোসাইটিসের কারণে দুদিন শুটিং করতে পারেননি সালমান। তবে ছবির প্রয়োজনেই ব্যথানাশক ওষুধ খেয়ে শুটিংয়ে নেমেছেন তিনি। সে কারণে গতকাল ২১ এপ্রিল থেকে আবারো শুটিং শুরু হয়েছে ছবিটির।
সালমান নিজেই এ ছবির সহপ্রযোজক। এর আগে পরিচালক কবির খানের সঙ্গে ‘এক থা টাইগার’ ছবির কাজ করেছিলেন সালমান। সে ছবিতে তাঁর বিপরীতে ছিলেন ক্যাটরিনা কাইফ।

ফাহিম ইবনে সারওয়ার