ঈদের পঞ্চম দিনে এনটিভির আয়োজন
ঈদুল আজহা উপলক্ষে এনটিভি সাত দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। চলুন জেনে নিই, ঈদের পঞ্চম দিনে কী কী অনুষ্ঠান প্রচারিত হবে এনটিভির পর্দায়।
বিশেষ টেলিফিল্ম : বুলেটপ্রুফ ম্যারেজ
দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘বুলেট প্রুফ ম্যারেজ’। রেদওয়ান রনির রচনা ও পরিচালনায় টেলিফিল্মটিতে অভিনয় করেছেন সাবিলা নূর, মিশু সাব্বির, মনিরা মিঠু, শরিফুল রাজ, তামিম মৃধা, নীলা, সৌভিক আহমেদ, সিফাত শেহরীন, বিওন, সোহেল খান প্রমুখ।
টেলিফিল্মটির গল্পে দেখা যাবে, বিয়ের আগের রাতে ব্যাচেলর নাইট পার্টিতে যোগ দিতে সাব্বির ও তার বন্ধুরা মাইক্রোবাসে করে যাচ্ছে ঢাকার অদূরে একটি বাংলোর দিকে। হবু বর সাব্বির যখন বন্ধুদের সঙ্গে মজা করছে, তখন ফোন আসে তার হবু স্ত্রী সাবিলার। সাবিলা জানায়, বিয়েটা সে করতে পারবে না! ঘটনা শুরু হয়েছিল আট মাস আগে, যখন বন্ধু তাওসিফের প্রেমিকা সাবিলার সঙ্গে ঝগড়া মেটাতে গিয়ে নিজেই সাবিলার প্রেমে পড়ে যায় সাব্বির। শেষ পর্যন্ত বিয়েটা কার সঙ্গে হবে তাহলে?
বিশেষ গেম শো : জি ফ্যাক্টর ২০১৬
বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ গেম শো ‘জি ফ্যাক্টর ২০১৬’-এর প্রথম পর্ব। জোনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা নিরব। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এ সময়ের জনপ্রিয় কয়েকজন মডেল।
বিশেষ ধারাবাহিক নাটক : কুসুম কুসুম প্রেম
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে আবু হায়াত মাহমুদ পরিচালিত সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘কুসুম কুসুম প্রেম’। এতে অভিনয় করেছেন সারিকা, মোশাররফ করিম, তারিক আনাম খান, ফারুখ আহমেদ, শবনম ফারিয়া প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, ‘কুসুম কুসুম প্রেম’ নামের একটি চলচ্চিত্রের শুটিং হচ্ছে। এক নায়িকা, দুই নায়ককে নিয়ে ত্রিভুজ প্রেমের কাহিনী। ছবির পরিচালক নতুন।
প্রযোজক বদরুল সাহেবের সামনে পড়লেই নার্ভাস হয়ে যায় পরিচালক। ছবির নায়িকা হালের ক্রেজ ‘সুস্মি’। তার সঙ্গে সব সময় থাকে তার মা ও দুজন সহকারী। ছবির দুই নায়কের একজন চমক, তার প্রথম ছবি এটা। সুযোগ পেলেই তার দুঃখের কাহিনী শোনায় সবাইকে। ছবির আরেক নায়ক হিমেল, যার বাবা প্রযোজকের ঘনিষ্ঠ বন্ধু।
নায়িকার বাবার চরিত্র করছেন একসময়ের জনপ্রিয় নায়ক মনজিল, যে শুধু নায়কের মতো পোশাক-আশাক পরতে চায়। এই ছবির প্রোডাকশন ম্যানেজারের নাম আহসান। সে বলে, আছান। এ রকম একটি মজার ইউনিটে কাজ করছে সবাই। ছবিটি ঈদে মুক্তি পাবে। তবে শুটিংয়ে কাজের চেয়ে নানা কাণ্ডই হতে থাকে বেশি। পরিচালকের একটাই চিন্তা, শেষ পর্যন্ত ছবির কাজ শেষ করতে পারবেন তো?
বিশেষ ধারাবাহিক নাটক : সাদা কালো রঙিন
সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘সাদা কালো রঙিন’। আলী ফিদা একরাম তোজোর রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন চম্পা, রাজ, মিলা হোসেন, মাজনুন মিজান, আহমেদ রুবেল, পিদিম প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, একটি নিউজ পোর্টালের মালিক রাজের মাসখানেকের মধ্যে ২৬ লাখ টাকা প্রয়োজন। কোনো উপায় খুঁজে না পেয়ে নেপাল যায় সে। হঠাৎ দেখে তার স্ত্রীও নেপালে অন্য কোনো একজনের সঙ্গে ঘুরছে। ওদিকে নেপালি এক মহিলার সঙ্গে পরিচয় হয় রাজের। একদিন ঘটনাক্রমে রাজের স্ত্রী রাজের সঙ্গে এক মহিলাকে দেখে। একটা পর্যায়ে তারা মুখোমুখি হয়। দাম্পত্য সমস্যা কেটে যায় তাদের। আর্থিক সমস্যা কাটে না। জানা যায়, এই মহিলা আসলে নেপালি নয়, বাংলাদেশি। অনেক বছর হলো সে নেপালের দরিদ্র জীবন বেছে নিয়েছে কোনো এক ব্যক্তির ভয়ে। একসময় সেই মহিলাই তাদের টাকার ব্যবস্থা করে দেয়। কিন্তু কে এই নারী?
বিশেষ নাটক : বেগুনী বিকেলের গল্প
রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘বেগুনী বিকেলের গল্প’। আর বি প্রীতমের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, তারিন জাহান, চাষী আলম, মাহমুদা আপন প্রমুখ।
বিশেষ অনুষ্ঠান : প্রিয় যাই যাই বলো না
রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘প্রিয় যাই যাই বলো না’। ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় এই অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের জনপ্রিয় কয়েকটি গানের সঙ্গে মিউজিক ভিডিওতে অংশগ্রহণ করেছেন ইমি, সানজিদা তন্ময়, রাতুল, ইন্দ্রাণী, মাসুক, টনি, জারা, লিন্ডা প্রমুখ।
বিশেষ ধারাবাহিক নাটক : সাবলেট গুবলেট
রাত ৯টা ৫০ মিনিটে প্রচারিত হবে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘সাবলেট গুবলেট’। সারওয়ার রেজা জিমির রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন।
অভিনয় করেছেন আফরান নিশো, উর্মিলা শ্রাবন্তী কর, বিজরী বরকতউল্লাহ, সাজু খাদেম, কুসুম শিকদার, প্রাণ রায়, চিত্রলেখা গুহ, দিলারা জামান প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, বিশ্ববিদ্যালয়ের হল ছেড়ে দিয়ে বাসা খুঁজছিল ফুয়াদ। কিন্তু ব্যাচেলরদের জন্য ঢাকা শহরে বাসা ভাড়া পাওয়া কঠিন। শেষে বন্ধু সোহেলের পরিচিত এক পরিবারের সঙ্গে সাবলেট উঠতে হয় তাকে। সে এক অদ্ভুত পরিবার। বাসার কর্ত্রী তহুরুন্নেসা, তার ৮০ বছরের বৃদ্ধ মা জয়তুন্নেসা, ছেলে অনিক, মেয়ে দিলরুবা আর ঘরজামাই স্বামী শেহজাদ। সব শেষে যোগ হয় অনিক-দিলরুবার মামাতো বোন শায়লা। আসে আরেক রহস্যময় নারীও। নানান কাণ্ড-কীর্তিতে প্রতিনিয়ত হাস্যরস আর বিড়ম্বনা তৈরি করে এরা প্রত্যেকে। আর এসবের মধ্যে পড়ে ফুয়াদের সাবলেট জীবন রীতিমতো গুবলেট হতে বসে।
বিশেষ ধারাবাহিক নাটক : বিউটি বোট
রাত ১১টায় প্রচারিত হবে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘বিউটি বোট’। আজাদ আবুল কালামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা, আফজাল শরীফ, শহীদুল্লাহ সবুজ, দিলু খান, এমিলি প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, মকবুলের স্ত্রী রেনু চাকরি করে শহরের একমাত্র বিউটি পার্লারে। অলস মকবুলের দিন কাটে কর্মহীন। তার সঙ্গে থাকে একমাত্র শ্যালক রুহুল। রেনু একদিন সিদ্ধান্ত নেয়, সে নিজেই বিউটি পার্লার দেবে এবং সহযোগী হিসেবে মকবুল ও রুহুলকে প্রশিক্ষণ নিতে হবে। কিন্তু সদরের একমাত্র বিউটি পার্লারের মালিক শাহানাজ। তার স্বামী তৌহিদ এলাকার কুখ্যাত মাস্তান। তারা শহরে আর কোনো বিউটি পার্লার দিতে দেবে না। তবু রেনু দমবার পাত্রী নয়। বিউটি পার্লার হবে ভাসমান এবং সেটা হবে মকবুলেরই নৌকায়। পার্লারের নাম হবে ‘বিউটি বোট’। নদী তীরবর্তী নানা জায়গায় থামে বিউটি বোট, নানা ঘটনার জন্ম দেয়।
বিশেষ নাটক : এ্যাবরা কা ড্যাবরা
রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘এ্যাবরা কা ড্যাবরা’। ফরহাদ আহমেদের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, জাকিয়া বারী মম, তারিক আনাম খান, কেয়া প্রমুখ।

নাইস নূর