নায়িকা ববি যখন অক্ষয় কুমার!
পড়তে গিয়ে চমকে যাচ্ছেন, ভাবছেন ভুল দেখছেন নাকি! একদম না, ঢাকাই ছবির নায়িকা ববিকে দেখা যাবে অক্ষয় কুমারের ভূমিকায়। বলিউডের সুপারহিট ছবি ‘রৌডি রাঠোর’-এর রিমেক হিসেবে নির্মিত হয়েছে ‘অ্যাকশন জেসমিন’। মজা এখানেই, ‘রৌডি রাঠোর’-এ নায়কের চরিত্রটি ‘অ্যাকশন জেসমিন’-এ করছেন নায়িকা। কাজেই অক্ষয়ের ভূমিকায় আসছেন ববি।
ইফতেখার চৌধুরী পরিচালনা করেছেন এই ছবি। নায়িকাপ্রধান ছবি বানাতে ওস্তাদ এই পরিচালক। মাহিয়া মাহীকে নিয়ে বানানো তার ‘অগ্নি’ ছবিটি দারুণ ব্যবসাসফল। এরপর ‘অ্যাকশন জেসমিন’ নিয়ে আশাবাদী হতেই পারেন বিনোদন বোদ্ধারা।
আগামী ১৫ মে মুক্তি পাচ্ছে নায়িকা ববি অভিনীত ‘অ্যাকশন জেসমিন’ ছবিটি। সমালোচকদের মতে, ছবির কাহিনী ভারতের ‘রৌডি রাঠোর’-এর অনুরূপ হলেও একটু অন্যরকম। সেখানে প্রধান জোড়া চরিত্রে অক্ষয় ছিলেন পুলিশ এবং চোর, এখানে প্রধান জোড়া চরিত্রে ববি হচ্ছেন পুরুষ আর এখানে মহিলা। আর বাড়তি বিষয়, এ ছবিতে আইটেম সংয়ে অন্য কেউ নন, আছেন ববি নিজেই! ‘অ্যাকশন জেসমিন’ ছবিতে মারামারির দৃশ্যগুলো ধারণ করা হয়েছে ঢাকাতেই।
এ ছবি প্রসঙ্গে ববি বলেন, প্রায়ই প্রশ্ন উঠছে ছবির গল্প ও কাহিনী নিয়ে। অথচ সামান্য ট্রেলার দেখে কিছু ব্যক্তি সমালোচনা করছে। তাদের আশ্বস্ত করতে চাই এই বলে যে কাহিনীর কিছুটা মিল থাকলেও চিত্রায়ন ও চিত্রনাট্যে অনেক পার্থক্য রয়েছে। সবচেয়ে বড় কথা, যে ছবি নিয়ে প্রশ্ন উঠেছে সে ছবিতে প্রধান চরিত্র নায়ক। এখানে নায়িকা, অর্থাৎ আমি। তামিল, তেলুগু, হিন্দি; এমনকি টালিউডেও সেই ছবি তৈরি হয়েছে। এতটুকু আশ্বস্ত করতে পারি অন্তত কপি পেস্ট বলে কেউ প্রশ্ন তুলতে পারবে না।
ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে ববি বলেন, “ব্যস্ততার কারণে নিজের হোম প্রোডাকশনের ছবি 'রক্ষা'র কাজ আপাতত স্থগিত রেখেছি। এ ছাড়া শফিক হাসানের আরো একটি ছবিতে কাজ করতে যাচ্ছি।”
ববি আরো বলেন, “ওপার বাংলার একটি ছবি নিয়ে শিগগিরই ব্যস্ত হয়ে উঠব। বিক্রম চোপড়ার এ ছবিতে আরো রয়েছেন ইন্দ্রনীল ও আসিফ আজিম। ছবিটির সিংহভাগ শুটিং হবে ভূমধ্যসাগরে প্রাকৃতিক নৈসর্গে ভরা ছোট্ট একটি দেশ মাল্টায়।

মাজহার বাবু