৫০ টাকায় ৬ দিন সিনেমা দেখা যাবে টিএসসিতে
ভাষা আন্দোলনের চেতনাকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে আজ ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী চলচ্চিত্র উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র’। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে প্রতিবছরের মতো এবারও ফেব্রুয়ারির শুরুতেই এ আয়োজন বসছে। উৎসব চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আয়োজকরা প্রতিটি প্রদর্শনীর টিকেটের দাম ধরেছেন ৫০ টাকা।
এবারের উৎসবে মোট ২৩টি চলচ্চিত্র প্রদর্শিত হবে—এর মধ্যে ২০টি পূর্ণদৈর্ঘ্য ও ৩টি স্বল্পদৈর্ঘ্য। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ভাষা আন্দোলনের চেতনা, সামাজিক বাস্তবতা, রাজনৈতিক আলাপ ও মানবিক গল্পের সমন্বয়ে সাজানো হয়েছে এবারের প্রদর্শনী তালিকা।
আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আহমেদ হাসান সানির পরিচালিত ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ প্রদর্শনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। একজন প্রবাসী বাংলাদেশির জীবনসংগ্রাম ও রাজনৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে নূর চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।
৪ ফেব্রুয়ারি দ্বিতীয় দিনে চারটি চলচ্চিত্র দেখানো হবে। সকাল ১০টায় সুনীল বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য অবলম্বনে নির্মিত ‘দেয়া নেয়া’, দুপুর সাড়ে ১২টায় আলমগীর কবীরের ‘সূর্যকন্যা’, বিকেল ৩টা ৩০ মিনিটে শরাফ আহমেদ জীবনের ‘চক্কর ৩০২’ এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রায়হান রাফীর ‘তাণ্ডব’।
৫ ফেব্রুয়ারি তৃতীয় দিনের শুরু সালাউদ্দিন পরিচালিত ‘রূপবান’ দিয়ে। এরপর পর্যায়ক্রমে প্রদর্শিত হবে সাদিক আহমেদের ‘দ্য লাস্ট ঠাকুর’, পিপলু আর খানের ‘জয়া আর শারমিন’ এবং মনিরুল হকের ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। ছাত্ররাজনীতি ও গণরুমের জীবন নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি সম্প্রতি ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরমা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পায়।
চতুর্থ দিনে প্রদর্শনী তালিকায় রয়েছে হারুনুর রশিদের ‘মেঘের অনেক রঙ’, ব্যবসাসফল ছবি ‘বেদের মেয়ে জোসনা’, মিঠু খানের ‘নীলচক্র’ এবং কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন’।
৭ ফেব্রুয়ারি পঞ্চম দিনে দেখানো হবে তপন সিনহার ‘হারমোনিয়াম’, তারেক মাসুদের প্রামাণ্যচিত্র ‘মুক্তির গান’, সানী সানোয়ারের ‘এশা মার্ডার’ এবং তানিম নূরের ‘উৎসব’।
উৎসবের শেষ দিনে প্রদর্শিত হবে বেলাল আহমেদের ‘নয়নের আলো’ ও কাজী হায়াতের ‘ধর’। বিকেল সাড়ে ৩টায় দেখানো হবে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র—‘মায়া: দ্য নেম উই কল’, ‘জন্ম থেকে জ্বলছি’ ও ‘ধ্যাৎ’। সমাপনী প্রদর্শনী হিসেবে থাকছে কলকাতার নির্মাতা জয়ব্রত দাশের ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’।

বিনোদন ডেস্ক