শুরু হচ্ছে তারকাবহুল নাটক ‘সানফ্লাওয়ার’
এনটিভিতে প্রচারিত ‘বাপের বেটা’ ধারাবাহিক নাটকটি শেষ হয়েছে ৭ অক্টোবর। এর পরিবর্তে একই সময়ে, ১৩ অক্টোবর থেকে এনটিভিতে শুরু হবে নতুন তারকাবহুল ধারাবাহিক নাটক ‘সানফ্লাওয়ার’। নাটকটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচারিত হবে। মেজবাউর রহমান সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু।
নাটকটিতে অভিনয় করেছেন তারিন জাহান, অপূর্ব, ঊর্মিলা শ্রাবন্তী কর, রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, ইফফাত তৃষা, ডলি জহুর, শিল্পী সরকার অপু, খালেকুজ্জামান, জয়রাজ, আনিস, এনামুল হক বাচ্চু প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, ‘দেশের উত্তর প্রান্তে হিমালয়ের পাদদেশের ছোট্ট ছিমছাম এক শহরের সাধারণ মেয়ে জয়া। বাবা-মা আর কলেজ পড়ুয়া ছোট বোনকে নিয়ে জয়াদের সুখী পরিবার। ইলেকট্রনিক সামগ্রী মেরামতের দোকানটাই তাদের একমাত্র অর্থ জোগানের উৎস। হঠাৎ চোখ নষ্ট হয়ে যাওয়ায় নিজের চিকিৎসা ও পরিবারের খরচ মেটাতে বাবা গোপনে ব্যাংকের কাছে দোকান আর বাড়ি বন্ধক রাখে। মেকানিকের অভাবে সে দোকান যখন বন্ধের পথে, তখন নিজের কাঁধে দায়িত্ব তুলে নেয় জয়া। ছোটবেলা থেকে বাবার কাছে শেখা বিদ্যা আর পলিটেকনিকে পড়াশোনার জোরে ব্যবসা আবার মাথা তুলে দাঁড়ায়। নিজেকে মেকানিক পরিচয় দিতে গর্ব বোধ করে সে। তবে মেয়ের মতো বাবার মনে দৃঢ়তা না থাকায় লোকের কথায় মেয়ের বিয়ে ঠিক করে ফেলে এক দোজবরের সাথে। ঘটনাক্রমে সেই বিয়ে ভেস্তে গিয়ে জয়া রক্ষা পায়, শুরু হয় আবার পথ চলা। চলতি পথে একদিন চৌধুরী বাড়ির বিদেশ ফেরত ছেলে সামিরের সাথে পরিচয় হয়। জয়ার স্বপ্নকে আরেক ধাপ এগিয়ে দেয় সামির। দেশের নামকরা পত্রিকায় ইন্টারভিউ ছাপা হয় জয়ার। পরিচিতজনরা খুশি হলেও কিছু মানুষ মেনে নিতে পারে না জয়ার এই উত্থান। এদিকে বন্ধকী সম্পত্তিতে সানফ্লাওয়ার ইলেক্ট্রনিক্ আর চালানো সম্ভব নয় তাই ঢাকায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় জয়া। শুরু হয় তার জীবনের কঠিন আরেক অধ্যায়। সব বাধা অতিক্রম করে জয়া কি পারবে তার স্বপ্নের পথে পৌঁছাতে?’

ফিচার ডেস্ক