‘শোধ প্রতিশোধ’-এ নবাগত রিপন
গতকাল সোমবার, ১১ মে সন্ধ্যা ৭টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে ভিআইপি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ফিরোজ খান প্রিন্স পরিচালিত চলচ্চিত্র ‘শোধ প্রতিশোধ’ ছবির মহরত। এই ছবিতে প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে নবাগত নায়ক রিপন খানের।
নবাগত নায়ক রিপন খান বলেন, ‘এ ছবিতে আমার চরিত্রটা অনেক মজার। প্রথম ছবিতেই আমার সঙ্গে নায়িকা থাকছে দুজন। গল্পে দেখা যাবে, আমি গ্রামের ছেলে, একটা মেয়ের সঙ্গে আমার প্রেম। কিন্তু নায়িকার পরিবার কিছুতেই মেনে নিচ্ছে না। একসময় তাকে জোর করে বিয়ে দিতে চায়। আমরা দুজন পালিয়ে ঢাকায় চলে আসি। কোথায় থাকব, কিছুই বুঝতে পারছি না। অনেক ঘোরাঘুরির পর অবশেষে একটা চাকরি পেয়ে আমরা সুখে সংসার করতে লাগলাম। কিন্তু এই সুখ আমাদের স্থায়ী হলো না। কারণ, আমি যে অফিসে চাকরি করি সেটার মালিক এক ম্যাডাম, যিনি কি না আমাদের ভালোবাসায় বাধা হয়ে দাঁড়ায়। এই হচ্ছে কাহিনী। প্রথম ছবিতে আমি দুই নায়িকা পেয়ে দারুণ খুশি।’
সামাজিক অ্যাকশনধর্মী এই ছবিতে আরো অভিনয় করছেন নায়ক মারুফ, মৌসুমী হামিদ, মৌমিতা মৌ, সাদিয়া আফরিন, কাবিলা, ইলিয়াস কোবরা, হারুন কিসিঞ্জার, জীবন খান, মর্জিনা ও মিজু আহম্মেদ।
পরিচালক ফিরোজ খান প্রিন্সের এটি চতুর্থ ছবি। এর আগে ‘প্রেমিকা ছিনতাই’, ‘খুনি বউ’ ও ‘বউয়ের জ্বালা’—এ তিনটি ছবি তিনি নির্মাণ করেন। আগের ছবিগুলো ব্যবসাসফল হয়েছে দাবি করে পরিচালক আশা প্রকাশ করেন, এই ছবিও সাফল্য বয়ে আনবে। এই ছবির শুটিং শুরু হবে চলতি মাসের ১৬ তারিখ।

মাজহার বাবু