আয়রন মেইডেন কথা
সারা বিশ্বের মেটাল সঙ্গীতপ্রেমীদের কাছে আয়রন মেইডেন এক প্রিয় নাম। ‘দ্য নাম্বার অব দ্য বিস্ট,’ ‘পাওয়ারস্লেভ’ কিংবা ‘কিলার্স’-এর মতো বিখ্যাত সব অ্যালবামের জন্ম দিয়েছে এই ব্রিটিশ হেভি মেটাল ব্যান্ডটি। ব্যান্ডের সদস্যদের নাম ব্রুস ডিকিন্সন, আদ্রিয়ান স্মিথ, ডেভ মারে, স্টিভ হ্যারিস, নিকো ম্যাকব্রেইন এবং জ্যানিক গার্স। এই জনপ্রিয় মেটাল ব্যান্ড বিষয়ে গুরুত্বপূর্ণ ১০টি তথ্য পাওয়া গেছে লাউড ওয়াই থেকে।
১. ব্যান্ডটি গঠিত হয়েছিল ১৯৭৫ সালের ২৫ ডিসেম্বর, অর্থাৎ বড়দিন। কয়েক বছরের তুমুল পরিশ্রমের পর ব্যান্ডটি ১৯৭৯ সালে ইএমআই রেকর্ডসের সাথে চুক্তিতে আসার মাধ্যম প্রথম বড় সাফল্য পায়।
২. ব্যান্ডের দুই গিটারিস্ট ডেভ মারে এবং আদ্রিয়ান স্মিথ ছিলেন ছেলেবেলার বন্ধু। স্মিথ তাঁর প্রথম ইলেকট্রিক গিটার কিনেছিলেন বন্ধু মারের কাছ থেকেই! মারে দাম রেখেছিল পাঁচ পাউন্ড। এরপর একসাথে এই জুটি কয়েকটি দলের সাথে পারফর্ম করেছে।
৩. ১৯৭৬ সালে স্থায়ী লাইন-আপ না পাওয়ার হতাশায় একবার ব্যান্ড ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্যান্ডের প্রতিষ্ঠাতা স্টিভভ হ্যারিস।
৪. ব্রুস ডিকিন্সনের আগে পল ডে এবং ডেনিস উইলকক নামের আরো দুজন ভোকালিস্ট দলে ছিলেন। কিন্তু তাদের কেউই পারফরমেন্স দিয়ে শেষ পর্যন্ত টিকতে পারেননি।
৫. তাদের প্রথম অ্যালবামের ‘শার্লট দ্য হার্লট’ গানের চরিত্রটিকে পরবর্তী সময়ে আবার তাদের তিনটি গানে দেখা যায়। গানগুলো হলো ‘টুয়েন্টি টু অ্যাকেসিয়া’ (১৯৮২), ‘হুকস ইন ইউ’ (১৯৯০), এবং ‘ফ্রম হেয়ার টু এটারনিটি’ (১৯৯০)।
৬. ‘মন্টি পাইথন’খ্যাত গ্রাহাম চ্যাপম্যানকে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল আয়রন মেইডেনের ‘ক্যান আই প্লে উইথ ম্যাডনেস’-এর ভিডিওতে।
৭. ‘ব্রিং ইওর ডটার টু দ্য স্লটার’ গানটি ব্রুস ডিকিন্সন তাঁর নিজের প্রথম একক অ্যালবামের জন্য লিখলেও ১৯৯০ সালে স্টিভ হ্যারিস তাঁকে বাধ্য করেন ব্যান্ডের ‘নো প্রেয়ার ফর দ্য ডাইং’-এর জন্য রেকর্ড করতে।
৮. ১৯৯৪ থেকে ১৯৯৭ পর্যন্ত ব্রুস ডিকিন্সনের জায়গায় মাইক্রোফোন হাতে নিয়ে দায়িত্ব পালন করেছিলেন ব্লেজ বেইলি। আগের ব্যান্ড উলফসবেনও সাফল্যে কম ছিল না তাঁর।
৯. ১৯৯৯ সালে বেইলি ব্যান্ড ছাড়ার পর ব্রুসকে আবারও ফিরিয়ে আনার কথা ওঠে। এতে রাজি ছিলেন না স্টিভ হ্যারিস। কিন্তু ব্যান্ডের কো-ম্যানেজার রড স্মলয়ুড শেষ পর্যন্ত তাকে রাজি করাতে সক্ষম হন। সেই ব্রুস ডিকিন্সনের প্রত্যাবর্তন ঘটে আয়রন মেইডেনে।
১০. ২০০৩ সালের অ্যালবাম ‘ড্যান্স অফ ডেথ’-এর শেষ গান ‘জার্নিম্যান’ হচ্ছে আয়রন মেইডেনের একমাত্র গান যেটি সম্পূর্ণ অ্যাকুইস্টিক গিটারে রেকর্ড করা।

ইশতি আহমেদ