রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’
প্রেম, অপেক্ষা আর মনের গোপন অনুভূতির গল্প নিয়ে প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। সম্প্রতি গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের কাছে পৌঁছাতে শুরু করেছে।
গানটির কথায় উঠে এসেছে ভালোবাসার কথা প্রকাশের আহ্বান। ‘রেখো না দ্বিধা মনে, বলে দাও কানে কানে’— এমন কথামালার মাধ্যমে ফুটে উঠেছে প্রিয় মানুষকে মনের কথা জানিয়ে দেওয়ার আকাঙ্ক্ষা, অপেক্ষা ও আবেগ।
‘মেঘে ঢাকা চাঁদ’-এর কথা ও সুর করেছেন এস. আই. খোকন। সংগীতায়োজন করেছেন রাজন সাহা। গানটিতে কণ্ঠ দিয়েছেন রুবা মজুমদার।
নতুন গান প্রসঙ্গে রুবা বলেন, ‘ভীষণভাবে চাই গানটা মানুষের কাছে পৌঁছাক। মানুষ বাংলা গানের চর্চা ও অভ্যাসে থাকুক। আরও ভালো ভালো গান করতে চাই, সুন্দর গান গাইতে চাই। আমাদের বাংলা সিনেমাতেও গান করতে চাই।’
গানটির ভিডিও নির্মাণ ও পরিচালনা করেছেন এমডি সাইদুজ্জামান পলাশ ও রুবা মজুমদার। চিত্রগ্রহণ ও সম্পাদনার দায়িত্বও পালন করেছেন এমডি সাইদুজ্জামান পলাশ।
সংগীতাঙ্গনে দীর্ঘদিন ধরেই সক্রিয় রুবা মজুমদার। সরকারি সংগীত কলেজ থেকে সংগীতে স্নাতকোত্তর সম্পন্ন করার পাশাপাশি ছায়ানটে সাত বছর ফোক ও ক্ল্যাসিক্যাল সংগীতের ওপর শিক্ষা নিয়েছেন তিনি। ‘ঢাকা ফোকস’ নামে তার একটি ব্যান্ড রয়েছে, যারা ফোক ফিউশন ও কান্ট্রি ঘরানার গান নিয়ে কাজ করে।
২০১৫ সালে ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টে গান গেয়ে আলোচনায় আসেন রুবা। পরে আরটিভি ফোক স্টেশনের মাধ্যমে আরও পরিচিতি পান। এরই মধ্যে জি-সিরিজ ও লেজার ভিশন থেকে প্রকাশিত হয়েছে তার বেশ কয়েকটি মৌলিক ও ফোক গান। পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলেও নিয়মিত গান প্রকাশ করছেন তিনি।
বর্তমানে নতুন কিছু মৌলিক গান নিয়ে কাজ করছেন রুবা মজুমদার। একই সঙ্গে ‘ঢাকা ফোকস’ ব্যান্ডের সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মঞ্চ পরিবেশনাতেও অংশ নিচ্ছেন তিনি।

বিনোদন ডেস্ক