ভালোবাসা দিবসে জোভান–নীহার ‘যে কথা হয়নি বলা’
বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে জনপ্রিয় জুটি জোভান ও নাজনীন নাহার নীহাকে নিয়ে নতুন নাটক নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। ‘যে কথা হয়নি বলা’ শিরোনামের নাটকটি প্রচার হবে ভালোবাসা দিবসেই।
এবারের ভালোবাসা দিবসে নাটকের সংখ্যা তুলনামূলক কম। সে কারণে নাটকপ্রেমীদের আগ্রহ অনেকটাই কেন্দ্রীভূত হয়েছে সৌখিনের এই বিশেষ আয়োজনে। ব্যতিক্রমী আবহ ও সংগীতনির্ভর গল্পে নির্মিত ‘যে কথা হয়নি বলা’ যেন এবারের ভালোবাসা দিবসের একমাত্র ভরসা হয়ে উঠেছে।
নাটকের গল্প আবর্তিত হয়েছে কাব্য নামের এক তরুণকে ঘিরে। কাব্য কবিতা লেখে, গান গায় এবং একটি রেস্তোরাঁয় নিয়মিত গান গাওয়াই তার জীবিকা। ইন্টারমিডিয়েট পড়াকাল থেকেই সে ভালোবাসে কুহু নামের এক মেয়েকে। কিন্তু সেই ভালোবাসা কখনো মুখে বলা হয়ে ওঠে না। একসময় কুহু এলাকা ছেড়ে চলে যায়। বহু বছর পর হঠাৎ আবার কুহুর সঙ্গে দেখা হয় কাব্যের। পুরোনো স্মৃতি আর ধুলোমাখা ভালোবাসা নতুন করে জেগে ওঠে, কিন্তু পরিস্থিতি বদলায় না—কাব্য আবারও বলতে পারে না, ‘আমি তোমাকে ভালোবাসি’।
মুখে না বলতে পারলেও কবিতা ও গানের ভেতর দিয়ে কাব্য তার অব্যক্ত অনুভূতির প্রকাশ ঘটায়। শেষ পর্যন্ত কাব্য কি পারে কুহুকে মনের কথা বলতে—এই প্রশ্নের উত্তর মিলবে নাটকটি প্রচারের পর।
নাটক প্রসঙ্গে জোভান বলেন, ‘অনেক পরিশ্রমের মধ্য দিয়ে এই কাজটি করেছি। নীহার সঙ্গে আমাদের জুটিকে দর্শক সবসময়ই পছন্দ করেন। তার ওপর সৌখিন ভাইয়ার নির্মাণ—আশা করছি ভ্যালেন্টাইনে দর্শক ভালো কিছু পাবে।’
নাজনীন নাহার নীহা বলেন, ‘গল্পটা খুব সহজ ও সাবলীল। ভালোবাসা দিবসে দর্শক এমন গল্পই দেখতে পছন্দ করেন।’
নির্মাতা জাকারিয়া সৌখিন জানান, ‘এটি মূলত একটি মিউজিক্যাল ড্রামা। ভালোবাসা দিবস মাথায় রেখেই গল্প ও নির্মাণ। চরিত্রের জন্য জোভান ও নীহাকেই সবচেয়ে মানানসই মনে হয়েছে।’
নাটকটিতে দুটি গান রয়েছে। একটি গানের কথা ও সুর করেছেন সোমেশ্বর অলি। অন্য গানটির কথা আহমেদ রিজভীর, সুর নাজির মাহমুদের।
‘যে কথা হয়নি বলা’ প্রকাশ হবে ইউটিউব চ্যানেলে।

বিনোদন ডেস্ক