অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী নওবা তাহিয়া
বর্তমান সময়ে ছোটপর্দায় ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন তরুণ অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন। তবে হঠাৎ করেই শোবিজকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন তিনি। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডির এক পোস্টে এ তথ্য জানান অভিনেত্রী।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নওবা লেখেন, ‘মিডিয়ায় চারটি সুন্দর বছর কাটানোর পর আমি সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে থামার। এই যাত্রাটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, স্মরণীয় ছিল, আর এর জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব।’
পোস্টে নিজের সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা করে এই অভিনেত্রী লেখেন, ‘এই মুহূর্তে আমি আমার দ্বীনের মধ্যে, নিজের ভেতরে, শেখার মধ্যে এবং যাদের সঙ্গে থাকলে ঘরের মতো অনুভূতি হয়—তাদের সঙ্গেই শান্তি খুঁজে পাচ্ছি। পড়াশোনা ও ব্যক্তিগত উন্নতিতে মনোযোগ দিতেই জীবনের এই অধ্যায়টা আমার কাছে এখন সবচেয়ে সঠিক মনে হচ্ছে।’
নওবা স্পষ্ট করে দেন, এখন থেকে তার কোনো নতুন কাজ আর আসবে না- না নাটক, না টিভিসি, না ওটিটি প্ল্যাটফর্মে। তবে আগে করা কিছু কাজ ভবিষ্যতে প্রকাশ পেতে পারে, যদিও সেগুলোর সঙ্গে তিনি আর সক্রিয়ভাবে যুক্ত থাকবেন না বলেও জানান।
সবশেষে দর্শক-ভক্তদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে নওবা লেখেন, এতদিন যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন, তার জন্য তিনি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ।
প্রসঙ্গত, ছোটবেলায় শিশুদের অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু হয় নওবা তাহিয়ার। বড় হওয়ার পরও উপস্থাপনায় ছিলেন সরব। পরে নাটক ও ওটিটিতে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘চুপি চুপি’, ‘প্রথম প্রেমে বানান ভুল’, ‘মায়াপূরাণ’, ‘শুধু তুমি’, ‘কন্ট্রোল প্লাস জেড’ এবং ওয়েবফিল্ম ‘পুনর্মিলন’।

বিনোদন ডেস্ক