জীবনের কথায় ইমরানের ইসলামিক গান
চলছে পবিত্র মাস রমজান। এ উপলক্ষে নতুন একটি ইসলামিক গান নিয়ে হাজির সংগীতের সফল গীতিকার-গায়ক জুটি রবিউল ইসলাম জীবন ও ইমরান মাহমুদুল। নতুন গানটির শিরোনাম ‘ইয়া রাসূল আল্লাহ’। গত ২৪ ফেব্রুয়ারি ইমরানের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।
‘যাব আমি যাব আমি যাব মদিনায়, দু‘হাত তুলে করব দোয়া নবীরও রওজায়’-এমন কথায় জীবন যেন মুসলমানদের হৃদয়ের আকুতি তুলে ধরেছেন। আর তাতে আরবীয় ধাঁচে সুর-সংগীত করেছেন ইমরান। গানটিতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তানজিলা মিম। গানের ভিডিও বানিয়েছেন সৈকত রেজা।
গানটি নিয়ে জীবন বলেন, ‘মুসলমানদের প্রাণের স্পন্দন নবী মোহাম্মদ। সবার মনেই ইচ্ছে থাকে, নবীর রওজা জিয়ারতের। সেই আকাঙ্খা থেকেই গানটি রচনা করা। আর রমজান উপলক্ষে সবার সামনে গানটি হাজির করা হয়েছে। আমার বিশ্বাস, এ গানের কথা ও সুরে আলাদা প্রশান্তি অনুভব করবেন শ্রোতারা।’
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই গীতিকার ও গায়কের এর আগেও তিনটি ইসলামিক গান প্রকাশিত হয়েছিল। ‘করো ইবাদত’, ‘আল্লাহ মেহেরবান’ ও ‘আজানের ওই পবিত্র সুর’ গানগুলো অন্তর্জালে রয়েছে। সবমিলিয়ে এই জুটির গানের সংখ্যা ছাড়িয়েছে ১০০। যার মধ্যে শ্রোতাপ্রিয় গানও ঢের।

বিনোদন ডেস্ক