‘আমাকে একটু সময় দিন, আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি’
ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা মারা গেছেন। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) এনটিভি অনলাইনকে ইকরার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর পল্লবী থানার অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহান।
পুলিশের প্রাথমিক ধারণা, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর ডিওএইচএস এলাকার বাসায় আত্মহত্যা করেন ইকরা।
ঘটনার ঘণ্টা দুয়েকের মধ্যেই নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আবেগঘন প্রতিক্রিয়া জানান আলভী। বর্তমানে একটি নাটকের শুটিংয়ে নেপালে অবস্থান করছেন তিনি।
ফেসবুক পোস্টে আলভী লেখেন, ‘আজ দুপুরে মিরপুর ডিওএইচএস-এর বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই।’
স্ত্রীর আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়া এই অভিনেতা আরও বলেন, ‘আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।’
প্রসঙ্গত, ২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে পালিয়ে বিয়ে করেন আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। রিজিক নামে একটি পুত্র সন্তান রয়েছে এই দম্পতির।

বিনোদন ডেস্ক