আসিফ ইকবালের কথায় কিশোরের নতুন গান
‘আমি কেমন তুমি জানো’—শিরোনামটির মধ্যেই যেন লুকিয়ে আছে এক অদ্ভুত আবেগের আবেদন। প্রেমিক–প্রেমিকার না বলা অনুভূতি, আকুলতা আর সম্পর্কের সূক্ষ্ম টানাপড়েনের আভাস মেলে নামটিতেই। গীতিকার আসিফ ইকবালের এমন আবেগঘন কথায় কণ্ঠ দিয়েছেন কিশোর দাস।
এর আগে এই জুটির ‘হৃদয় দিয়ে ভালোবাসে যারা’ ও ‘সবটা জুড়ে তুমি’—দুটি গানই বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার আসছে তাদের নতুন গানচিত্র ‘আমি কেমন তুমি জানো’। আগামী ১৭ মার্চ গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে এটি।
রোমান্টিকতার সঙ্গে হালকা হাহাকার মেশানো আবহে তৈরি গানটির সুর করেছেন অমিত চ্যাটার্জি এবং সংগীতায়োজন করেছেন মানাম আহমেদ।
গানের আবেগের সঙ্গে মিল রেখে এর ভিডিও দৃশ্যধারণ করা হয়েছে প্রকৃতির সৌন্দর্যে ঘেরা রাঙামাটিতে। মনোরম লোকেশনজুড়ে নির্মিত ভিডিওতে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার ও স্বর্ণালি চৈতী। ভিডিওটি পরিচালনা করেছেন মোহাম্মদ আলী।
গানটি নিয়ে কিশোর দাস বলেন, ‘গানটি হয়ে ওঠার পেছনে মূল কৃতিত্ব অবশ্যই আসিফ ইকবাল ভাইয়ের। তিনি অসাধারণ একটি লিরিক লিখেছেন। আমি নিজেকে ভাগ্যবান মনে করি, কারণ তার লেখা প্রিয় কিছু গান গাওয়ার সুযোগ পেয়েছি। এর মধ্যে রয়েছে ‘হৃদয় দিয়ে ভালোবাসে যারা’ ও ‘সবটা জুড়ে তুমি’। এবার করলাম ‘আমি কেমন তুমি জানো’। গানটি তৈরির সময় আমরা প্রায় আট থেকে দশ দিন একসঙ্গে কাজ করেছি। এতে যেমন এক ধরনের শান্তি আছে, তেমনি আছে হালকা হাহাকার আর না বলা কিছু অনুভূতি।’
গানটি নিয়ে আশাবাদী গীতিকার আসিফ ইকবালও। তার ভাষ্য, ‘শিরোনাম থেকেই বোঝা যায় গানটিতে প্রেম, হাহাকার এবং না বলা কিছু অনুভূতির কথা আছে। সেই আবেগটাই কথার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। কিশোর দারুণ গেয়েছে, মানাম আহমেদ সংগীত করেছেন এবং অমিত চ্যাটার্জি সুর দিয়েছেন। সব মিলিয়ে গানটি নান্দনিক হয়ে উঠেছে।’
ভিডিও নির্মাতা মোহাম্মদ আলী বলেন, ‘গানটির কথা, সুর ও গায়কীর আবেগকে দৃশ্যের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। চরিত্রগুলোর বিষাদময় অনুভূতিকে রাঙামাটির প্রকৃতির সঙ্গে মিলিয়ে দেখানো হয়েছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

বিনোদন ডেস্ক