ইন্ডাস্ট্রির সামনেই টলিউডের ‘ব্যান কালচার’ নিয়ে সরব দেব
রাহুলের মৃত্যুকে কেন্দ্র করে একজোট গোটা টলিউড। প্রয়াত অভিনেতার মৃত্যুর প্রকৃত কারণ জানতে গতকাল মঙ্গলবার দিনভর কর্মবিরতি চলে। টেকনিশিয়ান স্টুডিওর দফায় দফায় বৈঠকের পরে প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর সঙ্গে আর কাজ করবে না বলে সিদ্ধান্তও নিয়েছে টলিউড। তবে এদিন সাংবাদিক সম্মেলনে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার সময়ে টলিউডের অন্ধকার দিক ‘ব্যান কালচার’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেতা দেব।
তিনি জানান, ইন্ডাস্ট্রির অভিভাবক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাকে কথা দিয়েছেন যে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ তালিকায় থাকা শিল্পী ও পরিচালকদের কাজে ফেরানো হবে।
দেব বলেন, ‘আমরা ব্যান কালচার থেকে দূরে থাকি। রাহুলের মৃত্যুর ঘটনাটা কতটা মর্মান্তিক, আমরা কেউ অস্বীকার করতে পারব না। তাই ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে, সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে ততদিন আমরা কাজ করব না, যতদিন না পর্যন্ত তারা নির্দোষ প্রমাণিত হয়।’
দেব আরও বলেন, ‘আমরা আর আলাদা করে আর্টিস্ট ফোরাম বা ফেডারেশন নই। একটাই ছাদ এখন। তাই যে সমস্ত অভিনেতা ও পরিচালক ‘ব্যানড’ হয়ে পড়ে রয়েছেন, বুম্বাদা আমায় কথা দিয়েছে, ৭২ ঘণ্টার মধ্যে সেই ‘বয়কট’ হওয়া শিল্পীরা আবার ফিরবেন। রাহুল চলে যাওয়ায় আমরা বুঝতে পেরেছি যে, কাজ করতে না দেওয়াটাও কতখানি কষ্টের। যাদের কাজ নেই, এই কষ্ট একমাত্র তারাই বুঝতে পারবে। তাই তাদের সকলকে ফেরানো হবে।’

বিনোদন ডেস্ক