শোক নিয়েই শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা
স্বামী রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক মৃত্যুর শোক কাটিয়ে কাজে ফিরলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শুক্রবার (১০ এপ্রিল) তিনি পরিচালক শমীক রায় চৌধুরীর নতুন ওয়েব সিরিজ ‘তারকাটা’-র শুটিংয়ে অংশ নেন তিনি।
অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের খবর, দিন তিনেকের মতো শুটিং বাকি সিরিজের। ১০, ১১ আর ১৩ এপ্রিল মিলিয়ে শুটিং হবে। ১০ এপ্রিলের শুটিংয়ে প্রিয়াঙ্কা যোগ দেন। বাকি দিনগুলোয় তিনি শুট করবেন কি না, এখনও জানা যায়নি। শুটিং হচ্ছে বেহালার কাছাকাছি একটি জায়গায়।
সিরিজের শুটিংয়ের বিষয়টি আনন্দবাজার ডট কমকে নিশ্চিত করেছেন ‘বেলাইন’-খ্যাত পরিচালক শমীক রায়ও। যদিও শুটিং নিয়ে আর বিশেষ কিছু বলতে চাননি তিনি। শুধু বলেন, “শটে আছি।”
সিরিজটি প্রযোজনা করছেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। তাকে ঘিরেই সিরিজের গল্প। এতে বিক্রমের বিপরীতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার। প্রিয়াঙ্কা ছাড়াও এ দিনের শুটিংয়ে যোগ দিয়েছেন দেবেশ রায়চৌধুরী, আয়ুশ দাস প্রমুখ। এঁরা প্রত্যেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন।
প্রসঙ্গত, অভিনেতা স্বামী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরে তার বাড়িতে সহ-অভিনেত্রী প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে গিয়েলেন প্রযোজক-অভিনেতা বিক্রম। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় শোকাহত বলে জানান তিনি।

বিনোদন ডেস্ক