‘মায়ের শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম’
পহেলা বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব—রঙ, ঐতিহ্য আর আবেগে ভরা এক বিশেষ দিন। এই উৎসবকে ঘিরে তারকাদের মধ্যেও থাকে বাড়তি উচ্ছ্বাস। তবে এবার ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরী মণির বৈশাখ যেন একটু অন্যরকম—নিজেকে ঘিরে নয়, বরং সন্তানদের কেন্দ্র করেই তার আনন্দ আর ব্যস্ততা।
রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। সেখানে এক ফেসবুক পোস্টে নিজের শৈশবের মধুর স্মৃতি ভাগ করে নিয়েছেন তিনি, যেখানে মিশে আছে মায়ের শাড়ির সঙ্গে গভীর আবেগের গল্প। পরীমণি জানান, ছোটবেলায় তিনি তার মা এবং নানীর শাড়ি কেটে বৈশাখের জামা বানাতেন।
সেই স্মৃতি মনে করে আবেগাপ্লুত এই নায়িকা বলেন, ‘ছোটবেলায় আমিও আমার মায়ের শাড়ি, নানীর শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম। কি আনন্দ, সে যে কি আনন্দ।’
শৈশবের সেই স্মৃতিকে বুকে ধারণ করেই এবার নিজের সন্তানদের জন্য একই ঐতিহ্য বাঁচিয়ে রাখতে চান এই অভিনেত্রী। নিজের ব্যবহৃত শাড়ি দিয়ে সন্তানদের জন্য বৈশাখী পোশাক তৈরি করেছেন তিনি। সন্তানদের সেই পোশাকে দেখার প্রতীক্ষায় বিভোর পরী মণি।
পোস্টে তিনি লিখেছেন, ‘আমি তো শুধু আমার বাচ্চাদের ঘুম থেকে ওঠার অপেক্ষায় আছি। কখন ওরা উঠবে আর তার মায়ের শাড়ি দিয়ে বানানো বৈশাখী জামা পরে আমার চোখের পাতায় ঘুরবে।’
সন্তানদের নতুন সাজে দেখার আকুলতা প্রকাশ করে পরী আরও বলেন, ‘তাদের কেমন সুন্দর লাগবে তা আমি মন ভরে দেখবো।’
বৈশাখের এই গল্প তাই শুধু একটি উৎসবের নয়, বরং ভালোবাসা, স্মৃতি আর পারিবারিক বন্ধনের এক অনন্য প্রকাশ—যেখানে মায়ের শাড়ি হয়ে ওঠে আবেগের সেতুবন্ধন।

বিনোদন ডেস্ক