নিজেকে কেন সেলিব্রেটি মনে করেন না স্বস্তিকা?
তথাকথিত তারকাদের থেকে একদম অন্যরকম টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। যেখানে অন্যান্য টলিউড তারকারা নিজের ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করতে পছন্দ করেন সেখানে দিন দুপুরে অটো অথবা বাসে করে যাতায়াত করেন স্বস্তিকা।
সেলিব্রিটি এই কথাটির আক্ষরিক অর্থ হল যাকে নিয়ে মানুষ সেলিব্রেট করে। এই শব্দটিকে বেশিরভাগ ব্যবহার করা হয় তারকাদের ক্ষেত্রে। কিন্তু একজন তারকা সন্তান এমনকি নিজেও একজন তারকা হলেও নিজেকে সেলিব্রিটি বলতে একেবারেই নারাজ স্বস্তিকা।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ বাংলার সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি নিজেকে সেলিব্রেটি মনে করি না। সেলিব্রিটি কথাটার এত অপব্যবহার হয় যে আমাকে কেউ সেলিব্রিটি বললে মনে হয় কেউ আমাকে গালাগালি দিচ্ছে। আমি সবাইকেই বলি আমাকে মানুষ বলুন, শিল্পী বলুন, অভিনেত্রী বলুন, নারী বলুন, যাই বলুন কিন্তু সেলিব্রিটি বলবেন না।’
অভিনেত্রী আরও বলেন, ‘এখন সবাই সেলিব্রিটি। কারোর যদি বেশি ফলোয়ার্স থাকে সেও সেলিব্রিটি। সবাই ইনফ্লুয়েন্সার। আমি জানি না তারা কি ইনফ্লুয়েন্স করছেন সবাইকে। চারটি রিল করেও আজকে সবাই সেলিব্রিটি হয়ে যাচ্ছে।’
স্বস্তিকা আরও বলেন, ‘আমি অন্তত নিজেকে সেলিব্রেটি বলে মনে করি না। আমি খুব সাধারণ মানুষ এবং সাধারণভাবেই থাকতে পছন্দ করি। তাই আমায় কেউ সেলিব্রিটি বললে ভালো লাগে না। কেউ বললে আমি বারণ করি।’
প্রসঙ্গত, খুব সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে অর্জুন দত্ত পরিচালিত ‘বিবি পায়রা’। এই সিনেমাতে অনির্বাণ চক্রবর্তী, পাওলি দামের সঙ্গে কাজ করেছেন স্বস্তিকা।

বিনোদন ডেস্ক