ব্যাচেলর পয়েন্টে নতুন চমক নেপালি অভিনেত্রী
দারুণভাবে জমে উঠেছে জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫। এই ধারাবাহিকের পঞ্চম সিজনের শুটিং চলছে নেপালে। সেখানে ব্যাচেলর পয়েন্ট টিমের সঙ্গে যুক্ত হলেন নেপালের অভিনেত্রী রাজেশ্রী থাপা।
বিষয়টি নিশ্চিত করে নির্মাতা জানান, ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের চ্যাপটার ১২-তে সারপ্রাইজ তাকে দেখা যাবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে অভিনেত্রী রাজেশ্রী থাপার ছবি পোস্ট করে পরিচালক ক্যাপশনে লেখেন, চরিত্রটি কে হতে পারে অনুমান করুন। এরপর তার কমেন্ট বক্সে হাজার হাজার ফানি মন্তব্য পড়তে দেখা যায়।
গত বছর কোরবানির ঈদের সময় থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে শুরু হয়েছে ব্যাচেলর পয়েন্ট সিজন-৫ এর প্রচার। নতুন সিজনে শুরু থেকেই দেখা যাচ্ছে চমক। পাঁচ বছর পর এই সিজনে ফিরে এসেছেন নেহাল ও আরিফিন চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব ও শামীম হাসান সরকার। যুক্ত হয়েছে নতুন চরিত্রও। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মনিরা মিঠু প্রমুখ।
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি প্রচার হচ্ছে চ্যানেল আই এবং বুম ফিল্মস ইউটিউব চ্যানেলে।

বিনোদন ডেস্ক