বিচ্ছেদের ঘোষণা দিলেন বলিউড অভিনেত্রী এভেলিন শর্মা
বলিউড অভিনেত্রী ও মডেল এভেলিন শর্মা গত কয়েক বছর ধরে প্রচারের আলো থেকে দূরে রয়েছেন। তাকে কোনও সিনেমা বা শোতে দেখা যায় না। এভেলিনের শেষ সিনেমা ‘সাহো’ মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। সেই বছরই তিনি ইন্দো-অস্ট্রেলিয়ান ডেন্টাল সার্জন তুশান ভিন্ডির সঙ্গে বাগদান সেরেছিলেন। এরপর ২০২১ সালে এভেলিন ও তুশান বিয়ে করেন। এরপর দুই সন্তানের বাবা-মা হন তারা। কিন্তু এইসবের মাঝে শুনতে পাওয়া গেল একটি দুঃসংবাদ। এভেলিন শর্মা তার পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। স্বামী তুশান ভিন্ডির সঙ্গে বিচ্ছেদের কথা নিশ্চিত করেছেন তিনি। প্রতিবেদন এনডিটিভির।
অভিনেত্রী ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এর এইচটি সিটিকে বলেছেন যে এটি সত্যি। তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা আমাদের সম্পর্ক শেষ করে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমাদের সন্তানদের একসঙ্গে বড় করে তোলার ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে আমরা আশা করি যে আমাদের ব্যক্তিগত গোপনীয়তার সম্মান করা হবে। আমরা আশা রাখি যে এটি যতটা সম্ভব বন্ধুত্বপূর্ণ হবে। আমরা এই নতুন অধ্যায়টিকে আজীবন বন্ধুত্ব ও কো-প্যারেন্টিংয়ের ভিত্তিতে জীবনের নতুন অধ্যায় শুরু করছি।’
সিনেমা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এভেলিন। তিনি প্রায়শই তার ছবি ও ভিডিও শেয়ার করেন। শুধু তাই নয়, এভেলিনের ভক্তরাও তার নতুন ছবিগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। তার ছবি সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই ভাইরাল হয়ে যায়।
প্রসঙ্গত, এই দম্পতির বিয়ের অনুষ্ঠানটি ছিল বেশ ঘরোয়া। ২০২১ সালে বিয়ের ঠিক এক মাস পর একটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘চিরকাল’। ওই বছর নভেম্বরেই তাদের ঘরে আসে কন্যাসন্তান অ্যাভা রানিয়া ভিন্দি। এরপর ২০২৩ সালের জুলাইয়ে জন্ম নেয় তাদের পুত্র আরডেন। এর আগে, ২০১৯ সালে সিডনিতে তুশানের সঙ্গে বাগদানের ঘোষণা দেন এভেলিন। সেই পোস্টে ‘ইয়েস’ লিখে সুখবরটি শেয়ার করেছিলেন তিনি।
২০১২ সালে ‘ফ্রম সিডনি উইথ লাভ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় এভেলিন শর্মার। এরপর তিনি নটাঙ্কি শালা, ইসাক, মে তেরা হিরো এবং ইয়ারিয়ান-এর মতো সিনেমায় অভিনয় করেন। এ ছাড়া ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি, জাব হ্যারি মেট সেজাল ও কুচ কুচ লোচা হ্যায় সিনেমায় সংক্ষিপ্ত উপস্থিতি ছিল তার।

বিনোদন ডেস্ক