দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী: আসছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’
এক সময়ের দাপুটে চিত্রনায়িকা মৌসুমী বর্তমানে প্রবাস জীবনে স্থায়ী হয়েছেন। তবে প্রবাসে থাকলেও ভক্তদের জন্য নিয়ে আসছেন বাস্তবধর্মী গল্পের নতুন সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমাটির গল্প গড়ে উঠেছে বিদেশের মাটিতে একজন নারীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে সেন্সর সার্টিফিকেশন সনদ পাওয়ার পর আগামী ১৫ মে এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
হাসান জাহাঙ্গীরের পরিচালনায় এই সিনেমায় উঠে এসেছে এক বিবাহিত নারীর বাংলাদেশে স্বামী রেখে বিদেশে গিয়ে দ্বিতীয় বিয়ের গল্প। পরিচালক জানান, এই গল্পের মূল লক্ষ্য হলো নারীদের মর্যাদা ও সম্মানকে তুলে ধরা এবং বিদেশের মাটিতে টিকে থাকার কঠিন সংগ্রামকে ফুটিয়ে তোলা। সিনেমার প্রতিটি উপকরণ বাস্তব জীবনের ঘটনা থেকে অনুপ্রাণিত।
সিনেমাটির একটি বড় বিশেষত্ব হলো এর শুটিং হয়েছে দুই দেশে। মোট গল্পের ৮০ শতাংশ চিত্রায়ন হয়েছে যুক্তরাষ্ট্রে এবং বাকি কাজ সম্পন্ন হয়েছে বাংলাদেশে। চিত্রনায়িকা মৌসুমীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘সোনার চর’। প্রায় দীর্ঘ দুই বছর বিরতির পর এই সিনেমার মাধ্যমেই আবারো বড় পর্দায় ফিরছেন তিনি। প্রবাস জীবনের এই গল্প দর্শকদের মাঝে নতুন কোনো বার্তা পৌঁছে দেবে কি না, তা জানতে এখন সিনেমাটির মুক্তির অপেক্ষা।

বিনোদন ডেস্ক