সুতারিয়ার প্রেমে মজেছেন আদিত্য
বলিউডে আবারও আলোচনায় ব্যক্তিগত জীবন। ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ হিসেবে পরিচিত আদিত্য রায় কাপুরকে ঘিরে নতুন করে শোনা যাচ্ছে প্রেমের গুঞ্জন। এবার তার নাম জড়িয়েছে অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে। বিষয়টি সত্যি হলে ইন্ডাস্ট্রি পেতে পারে নতুন আলোচিত জুটি।
ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন আদিত্য ও তারা। জানা গেছে, বীর পাহারিয়ার সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকেই আদিত্যের কাছাকাছি আসেন তারা। তবে এ সম্পর্ক নিয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি দুজনের কেউই।
এর আগে বীর পাহারিয়ার সঙ্গে তারার সম্পর্ক নিয়ে ইতিবাচক খবরই শোনা যেত। কিন্তু গত বছর গায়ক এপি ধিলনের মুম্বাই কনসার্টে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয় জল্পনা। সেই ঘটনার পর ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়, যা শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায়—যদিও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি সংশ্লিষ্ট কেউই।
অন্যদিকে, আদিত্য রায় কাপুরের নাম এর আগে অভিনেত্রী অনন্যা পান্ডের সঙ্গে জড়িয়েছিল। ২০২৪ সালে তাদের বিচ্ছেদের খবর সামনে আসে। এরপর আরেক মডেলের সঙ্গেও তার নাম জড়ায় বলে গুঞ্জন ওঠে।
তারা সুতারিয়ার ক্ষেত্রেও একই চিত্র। এর আগে অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল, যখন মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় একসঙ্গে দেখা গিয়েছিল তাদের।
কাজের দিক থেকেও দুজনই ব্যস্ত। সম্প্রতি অনুরাগ বসুর পরিচালনায় ‘মেট্রো ইন দিনো’-তে দেখা গেছে আদিত্যকে। সামনে রাজ ও ডিকে এবং রাহি অনিল বারভের নির্মাণে ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ ওয়েব সিরিজে অভিনয় করবেন তিনি, যেখানে তার সঙ্গে আছেন সামান্থা রুথ প্রভু।
অন্যদিকে তারা সুতারিয়াকে দেখা যাবে যশ অভিনীত ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এ।

বিনোদন ডেস্ক