শপথ অনুষ্ঠানে প্রসেনজিৎ, জিৎ, যীশুরা : যোগ দিচ্ছেন মোদির দলে?
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে এবার আলোচনার কেন্দ্রে টালিউড। কলকাতার ব্রিগেড ময়দানে আয়োজিত সেই অনুষ্ঠানে হাজির ছিলেন টালিউডের জনপ্রিয় কয়েকজন তারকা— প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ এবং যীশু সেনগুপ্ত। আর তাদের উপস্থিতি ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা।
বিশেষ করে সবচেয়ে বেশি নজর কেড়েছেন ‘বস’খ্যাত অভিনেতা জিৎ। ভিআইপি নিরাপত্তায় অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেখা যায় তাঁকে। সাদা পাঞ্জাবি ও রোদচশমায় তাঁর উপস্থিতির ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা জল্পনা।
অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি এবার রাজনীতির ময়দানেও দেখা যাবে জিৎকে?
এর আগেও নির্বাচনের সময় তাঁর কিছু মন্তব্য নিয়ে আলোচনা হয়েছিল। ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা বলেছিলেন, ‘৪ তারিখে কী হচ্ছে দেখে নাও আগে…’। এরপর ফল প্রকাশের দিন বিনোদন জগতের তারকাদের মধ্যে তিনিই প্রথম বিজেপিকে শুভেচ্ছা জানান সামাজিক যোগাযোগমাধ্যমে।
রাজনৈতিক পালাবদলের পর তাঁর অবস্থান বদলেছে কি না, সেটিও এখন আলোচনায়। কারণ টালিউডের বিভিন্ন ইস্যুতে যেখানে অন্য তারকাদের সরব দেখা গেছে, সেখানে বরাবরই নিজেকে কিছুটা দূরে রেখেছেন জিৎ। ফেডারেশন বা শিল্পী সংগঠনের বিভিন্ন সভাতেও খুব একটা দেখা যায়নি তাঁকে।
তবে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে তাঁর উপস্থিতি নতুন প্রশ্ন তৈরি করেছে। অনেকেই মনে করছেন, দেবের পর এবার কি রাজনীতিতে নতুন চমক হতে চলেছেন জিৎ?
যদিও রাজনীতিতে যোগ দেওয়া কিংবা নির্বাচনে অংশ নেওয়া নিয়ে এখনো সরাসরি কোনো মন্তব্য করেননি অভিনেতা। তবে সাম্প্রতিক ঘটনাগুলো ঘিরে টালিউড ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে আলোচনা আরও তীব্র হয়েছে, তা বলাই যায়।

বিনোদন ডেস্ক