কারিনার মৃত্যুতে স্মৃতিতে ভাসছেন তারকারা
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেওয়ার পর শুক্রবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।
এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে আবেগঘন বার্তা দিচ্ছেন তার সহকর্মী ও বিনোদন জগতের তারকারা।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক পোস্টে কারিনার একটা ছবি দিয়ে লিখেছেন, যখন মানুষের পাশে দাঁড়ানোর ডাক আসছিলো তুমি নির্দ্বিধায় দাঁড়াইছিলা, কারিনা। বাংলাদেশ তোমাকে মনে রাখবে।
তিনি আরও লিখেছেন, আর আমি মনে রাখবো তোমার উইটের কারণে, তোমার ডিলাইটফুল প্রেজেন্সের কারণে। তোমার সাথে করা কাজ ৩৬-২৪-৩৬-য়ের কারণে। তুমি যেদিন প্রথম আমাদের বাসায় আসো সেদিন তুমি আমার আর তিশার সাথে ছবি তুলতে চাইছিলা। বলছিলা আমাদের ফ্যান তুমি। আমরা বলছিলাম, আমরা তোমার ফ্যান। তুমি লজ্জা পেয়ে হাসতেছিলা। মানুষ মরে গেলে নাকি সব সত্য দেখতে পায়। এখন নিশ্চয়ই তুমি বিশ্বাস করছো আমরা তোমার অনেক বড় ফ্যান ছিলাম। অনেক অনেক কথা মনে পড়ছে।
শেষে ফারুকী লিখেছেন, ‘আল্লাহ, তোমাকে বেহেশত নসিব করুক, কারিনা। এই পোস্টে যদি হাহা দেখো, জানবা কিছু লোক শুধু মানুষ হত্যার জন্য বিখ্যাত তা না, মৃত্যুতে উল্লাস করবার জন্যও বিখ্যাত। ইউ নো দেম, বাংলাদেশ নোজ দেম। রেস্ট ইন পিস, মাই সিস্টার!’
চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি কারিনার সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করে আবেগঘন স্মৃতিচারণ করেছেন। তিনি লেখেন, ‘কারিনা আপু তুমি না আমাকে সেদিন কল দিয়ে বললে দীঘি আমি কিন্তু বিদায় ফার্স্ট ডেই দেখব। তুমি না আমার সাথে ঘুরতে যেতে চাইলে। আপু প্রত্যেকটা কথা আমার কানে বাজতেছে। ভালো থাকো আপু।’
অভিনেত্রী সাদিয়া আয়মান কারিনার সঙ্গে মেসেঞ্জারে কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ‘কারিনা আপু মাত্র এক মাস আগে তুমি আমাকে ভয়েস মেসেজ পাঠিয়ে আমার কাজের প্রশংসা করেছিলে। আমি কখনো ভাবতেও পারিনি যে, সেটাই আমাদের শেষ কথা হবে। তুমি সত্যিকারের একজন ভালো মানুষ ছিলে। আল্লাহ তোমাকে জান্নাত নসিব করুন।’
কারিনার সঙ্গে ঘুরতে যাওয়ার কথা স্মরণ করে অভিনেত্রী পারসা ইভানা লিখেছেন, ‘কারিনা আপু, আমাদের না ঘুরতে যাওয়ার কথা ছিল? একসাথে কত কথা বলার কথা ছিলো ! কত শত প্ল্যান ছিলো ! কেন কারিনা আপু? তোমার সাথে দ্রুত দেখা হবে। ওপারে অনেক ভালো থেকো আপু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
উপস্থাপিকা দীপ্তি চৌধুরী কারিনার সঙ্গে একটি ছবি শেয়ার করে আক্ষেপ নিয়ে লিখেছেন, ‘দেখা হবে অন্য ভুবনে যেখানে মানুষ কারো মরণব্যাধি নিয়ে উল্লাস করে না। রেস্ট ইন পিস কারিনা আপু।’

বিনোদন ডেস্ক