হাসপাতালে ভর্তি ছিলেন অমিতাভ বচ্চন? গুঞ্জনের মধ্যেই অভিনেতার বার্তা
বলিউডের ‘শাহেনশাহ’ কে নিয়ে ভক্তদের কৌতূহল সবসময়। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে, অমিতাভ বচ্চন নাকি হাসপাতালে ভর্তি। তাঁকে হাসপাতালে ভর্তি নিয়ে একটি পোস্ট সামাজিক পাতায় আলোড়ন সৃষ্টি করে। কিন্তু কী হয়েছিল অভিনেতার? কেন অমিতাভকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল? এখন কেমন আছেন অভিনেতা? আদৌ কি এই ঘটনা সত্যি? এই সব নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সামাজিক পাতায়।
বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন এখন ভালো আছেন। গতকাল মঙ্গলবার (১৯ মে) কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, অমিতাভ বচ্চন গত চারদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন, যা তার ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে। তবে, এটা ছিল কেবল একটা গুঞ্জন। বিগ বি জলসায় তাঁর বাড়িতেই আছেন এবং সম্পূর্ণ সুস্থ আছেন।
বলিউডের আলোচিত বিনোদন সাংবাদিক ভিকি লালওয়ানি সামাজিক পাতায় একটি ভিডিও পোস্ট করে দাবি করেন যে, অমিতাভ বচ্চন শনিবার থেকে হাসপাতালে ভর্তি আছেন এবং পেটের সমস্যার কারণে গত তিন দিন ধরে এ-উইংয়ের ভিআইপি এনক্লোজারে থাকছেন। তবে, এই দাবির সত্যতা প্রকাশ পায় যখন জানা যায় যে, অমিতাভ বচ্চনকে রোববার যথারীতি তাঁর জলসা বাসভবনের বাইরে ভক্তদের সঙ্গে দেখা করতে বের হয়েছিলেন।
ভারতীয় গণমাধ্যম ই-টাইমস এর একটি প্রতিবেদন অনুসারে, অমিতাভ শনিবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য নানাবতী হাসপাতালে গিয়েছিলেন। স্বাস্থ্য পরীক্ষা শেষেই তিনি বাড়ি ফিরে আসেন। উল্লেখ্য যে, অমিতাভ বচ্চন প্রতি বছর মাসে একবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান।
আজ বুধবার ভোরে অমিতাভ বচ্চন তার ব্যক্তিগত ব্লগে পোস্ট ভক্তদের আরও আশ্বস্ত করে। সেখানে তিনি লেখেন, ‘যখন ঈগল চুপ থাকে, তখন টিয়াপাখিরা কথা বলতে শুরু করে। আমি তো শান্তিতে বাজরার রুটি আর ভাজা সবজি খেয়ে নিলাম, আর কাকের দল নানা কথা বলেই যাচ্ছে।’পোস্ট দেখে পরিষ্কার, তিনি সুস্থ আছেন এবং রসিক মেজাজেই রয়েছেন।
অমিতাভ বচ্চনকে সর্বশেষ ২০২৪ সালের দুটি বড় সিনেমাতে দেখা গিয়েছিল। প্রথমটি ছিল তামিল অ্যাকশন ড্রামা ‘ভেত্তাইয়া’, যেখানে তিনি রজনীকান্তের সঙ্গে অভিনয় করেন। দ্বিতীয়টি ছিল নাগ অশ্বিন পরিচালিত ব্লকবাস্টার ‘কল্কি ২৮৯৮ এডি’, যেখানে তিনি অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছিলেন। বর্তমানে অমিতাভ বচ্চন ‘কল্কি ২৮৯৮ এডি’-এর সিক্যুয়েলের প্রস্তুতি ও শুটিং নিয়ে ব্যস্ত আছেন।

বিনোদন ডেস্ক