নতুন সিনেমার প্রচারের মাঝেই প্রকাশ্যে কেন ক্ষমা চাইলেন বরুণ?
বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের নতুন সিনেমা ‘হাই জওয়ানি তো ইশক্ হোনা হ্যায়’ -এর প্রচারণা নিয়ে বর্তমানে প্রবল ব্যস্ত। একের পর এক প্রচারণামূলক অনুষ্ঠানে যাচ্ছেন এই অভিনেতা। তবে সম্প্রতি এক অনুরাগীর মন ভাঙার গল্প ছুঁয়ে গেছে বরুণকে। প্রায় পাঁচ ঘণ্টা অপেক্ষা করেও প্রিয় তারকার অটোগ্রাফ পাননি সেই ভক্ত। আর সেই খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিনেতা।
ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে। সেখানে এক অনুরাগী লেখেন, তিনি সকাল থেকে বরুণের জন্য অপেক্ষা করেছিলেন। একটি অনুষ্ঠানে অভিনেতার সঙ্গে দেখা করার আশায় প্রায় পাঁচ ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন তিনি। কিন্তু নিরাপত্তার কড়াকড়ি এবং ভিড়ের কারণে শেষ পর্যন্ত বরুণের সঙ্গে দেখা করা বা অটোগ্রাফ নেওয়া সম্ভব হয়নি ওই অনুরাগীর।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্ট নজরে আসতেই আর চুপ থাকতে পারেননি বরুণ। ওই ভক্তের পোস্টের জবাবে দুঃখ প্রকাশ করে অভিনেতা লেখেন, ‘আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাকে অটোগ্রাফ দিতে পারিনি।’
পাশাপাশি অভিনেতা আরও জানান, তিনি কখনো ইচ্ছাকৃতভাবে অনুরাগীদের হতাশ করতে চান না। ভিড় এবং সময়ের সীমাবদ্ধতার কারণেই অনেক সময় সকলের সঙ্গে দেখা করা সম্ভব হয় না।
বরুণের এই পোস্ট ইতোমধ্যেই অনুরাগীদের মন জিতে নিয়েছে। অনেকেই অভিনেতার বিনয় এবং দায়িত্ববোধের প্রশংসা করেছেন। সমাজমাধ্যমে বহু মানুষ লিখেছেন, ব্যস্ততার মাঝেও অনুরাগীর অনুভূতির মূল্য দেওয়াটা সত্যিই প্রশংসনীয়।

বিনোদন ডেস্ক