পঙ্কজ ত্রিপাঠির ভাইয়ের ওপর হামলা, নেপথ্যে কী?
বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির পরিবারে নেমে এসেছে দুঃসংবাদ। জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তার বড় ভাই বিজেন্দ্রনাথ তিওয়ারির ওপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার রাতে বিহারের গোপালগঞ্জ জেলার বারৌলি থানার বেলসান্দ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে কিছু ব্যক্তির সঙ্গে বিজেন্দ্রনাথ তিওয়ারির বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই একদল ব্যক্তি লাঠি ও লোহার রড নিয়ে তার ওপর হামলা চালায়।
হামলায় গুরুতর আহত বিজেন্দ্রনাথকে প্রথমে গোপালগঞ্জ মডেল হাসপাতালে নেওয়া হয়। তবে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত থাকায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য পাটনার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ইতোমধ্যে হামলার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
গোপালগঞ্জের পুলিশ সুপার বিনয় তিওয়ারি সংবাদমাধ্যমকে বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত অভিনেতার পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ ও জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

বিনোদন ডেস্ক