৩৩ বছরের সংগীতজীবন উদযাপনে সুইডেনে গাইবেন বালাম
বাংলা গানের জনপ্রিয় শিল্পী বালাম সংগীতাঙ্গনে ৩৩ বছরের পথচলা উদযাপন করতে যাচ্ছেন। এ উপলক্ষে প্রথমবারের মতো সুইডেনে একক সংগীতানুষ্ঠানে গাইবেন তিনি।
আগামী ২৮ জুন সুইডেনের রাজধানী স্টকহোমের হালুন্দা ফোকেটস হুস মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ আয়োজন। কনসার্টের নাম ‘সেলিব্রেটিং থার্টি-থ্রি ইয়ার্স অব বালাম’স মিউজিক্যাল জার্নি – লাইভ ইন স্টকহোম’।
‘বালামের সংগীতযাত্রার ৩৩ বছর উদযাপন’ শিরোনামের এই অনুষ্ঠানে শিল্পী তার দীর্ঘ সংগীতজীবনের জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় গান পরিবেশন করবেন।
ইউরোপ সফরের অংশ হিসেবে সুইডেনে আসার আগে এই শিল্পী ইতালির রোম ও ভেনিসের এক সংগীতানুষ্ঠানে অংশ নেন।
বর্তমানে নতুন কয়েকটি গানের কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। গেল কয়েক বছরে ‘ও প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ গান দিয়ে আবারও আলোচনায় আসেন তিনি।
এ ছাড়াও চলতি বছরের শুরুতে এক যুগ পর ‘মাওলা’ শিরোনামে নতুন অ্যালবাম নিয়ে আসার ঘোষণা দিয়েছিলেন তিনি। ঈদ ঘিরে প্রচারে এসেছে তার ‘মাওলা’ শিরোনামের গান। ছয়টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এটি তার পঞ্চম অ্যালবাম।
এর আগে ‘বালাম’ (২০০৭), ‘বালাম ২’ (২০০৮), ‘বালাম ৩’ (২০১০) ও ‘ভুবন’ (২০১৩) নামে চারটি অ্যালবাম প্রকাশ করেছিলেন।

বিনোদন ডেস্ক