কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না: পলাশ
২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের সঙ্গে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন নেইমার জুনিয়র। প্রিয় তারকার এমন বিদায়ে আবেগাপ্লুত হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারকে উৎসর্গ করে দেওয়া তার একটি পোস্ট ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে।
নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ২-১ গোলে হেরে বিশ্বকাপ মিশন শেষ হয় ব্রাজিলের। ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান দলের পোস্টার বয় নেইমার জুনিয়র। আর এই ঘোষণার পরই নিজের অনুভূতি প্রকাশ করেন পলাশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক পেজে শেয়ার করা একটি পোস্টে পলাশ ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা নেইমারের একটি প্রতীকী ছবি প্রকাশ করেন। ছবিটিতে দেখা যায়, অশ্রুসিক্ত চোখে মাঠে পড়ে থাকা একটি রাজমুকুট পেছনে ফেলে হেঁটে যাচ্ছেন নেইমার। ছবির নিচে বড় করে লেখা ছিল, ‘থ্যাংক ইউ’।
ছবির ক্যাপশনে পলাশ লেখেন, ‘একটা যুগের সমাপ্তি, কিন্তু কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না। বিদায়, নেইমার জুনিয়র!’
পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের মন্তব্যে ভরে ওঠে কমেন্ট বক্স। অনেকেই নেইমারের ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো তুলে ধরে তাকে শুভকামনা জানান, আবার কেউ কেউ ব্রাজিলের বিদায় এবং নেইমারের সিদ্ধান্তে হতাশার কথাও প্রকাশ করেন।
প্রসঙ্গত, চলমান বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দেন নেইমার জুনিয়র, যা বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আবেগাপ্লুত করে তুলেছে।

বিনোদন ডেস্ক