মেসিদের জয় গ্যালারিতে বসে উদযাপন করলেন নাঈম-নাদিয়া
ফুটবল জাদুকর লিওনেল মেসিদের খেলা গ্যালারিতে বসে দেখার স্বপ্ন এবার পূরণ করেছেন দেশের শোবিজের কয়েকজন তারকা। সেই তালিকায় আছেন ছোটপর্দার জনপ্রিয় তারকা দম্পতি এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ। যুক্তরাষ্ট্রে বসে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয় সরাসরি উপভোগ করেছেন তারা।
দুজনেই মনে-প্রাণে আর্জেন্টিনার সমর্থক। তাই এর আগেও আলবিসেলেস্তেদের একাধিক ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন এই দম্পতি। এবার মিসরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও ছিলেন দর্শকসারিতে। মাঠে উপস্থিত থেকে সরাসরি উপভোগ করেছেন মেসিদের সেই ঐতিহাসিক জয়।
ম্যাচ শেষে গ্যালারিতে বসে খেলা উপভোগ করার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ক্যাপশনে উচ্ছ্বাস প্রকাশ করে তারা লেখেন, ‘আমরা কোয়ার্টার ফাইনালে চলে গেছি, অভিনন্দন টিম আর্জেন্টিনা।’
নাঈম-নাদিয়া দম্পতি ছাড়াও এবারের বিশ্বকাপ ফুটবলের সরাসরি খেলা উপভোগ করতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন দেশের আরও অনেক জনপ্রিয় তারকা। তাদের মধ্যে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, সাফা কবির এবং নির্মাতা মোস্তফা কামাল রাজ অন্যতম।

বিনোদন ডেস্ক