৫৯ বছরেও বাজিমাত, সালমানের নতুন লুকে মুগ্ধ নেটদুনিয়া
বলিউড সুপারস্টার সালমান খান আবারও প্রমাণ করলেন, আলোচনায় থাকতে সবসময় বড় ঘোষণা বা ঝাঁকজমকপূর্ণ টিজারের প্রয়োজন হয় না। আসন্ন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মাত্র দুটি ছবি প্রকাশ করেই ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তিনি। ছবির ক্যাপশনে ছিল শুধু একটি শব্দ—‘মাতৃভূমি’। আর তাতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
শেয়ার করা ছবিগুলোতে কালো স্লিভলেস টি-শার্ট, ফেডেড নীল জিন্স ও কাউবয় হ্যাটে একেবারে ভিন্ন লুকে ধরা দিয়েছেন সালমান। কুয়াশায় ঘেরা সবুজ পাহাড়ের মাঝে কখনো গভীর চিন্তায় মগ্ন, আবার কখনো চোখ বন্ধ করে প্রকৃতির নিস্তব্ধতা উপভোগ করতে দেখা যায় তাকে। সিনেমার সিনেম্যাটিক আবহে ধারণ করা ছবিগুলো অনুরাগীদের দারুণভাবে আকৃষ্ট করেছে।
তবে শুধু লোকেশন বা স্টাইল নয়, ৫৯ বছর বয়সেও সালমানের ফিটনেসও সমানভাবে নজর কেড়েছে। স্লিভলেস পোশাকে তার সুঠাম বাইসেপ স্পষ্ট ধরা পড়েছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বইছে। অনেকেই আবার মন্তব্য করেছেন, বলিউডে ফিটনেস আইকন হিসেবে সালমান এখনও নিজের জায়গা অটুট রেখেছেন।
‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমাটি প্রযোজনা করছে সালমান খান ফিল্মস। সিনেমাটির প্রযোজক সালমা খান এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন অপূর্ব লাখিয়া। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং।
নির্মাতাদের ভাষ্য, এটি শুধুমাত্র যুদ্ধভিত্তিক সিনেমা নয়; বরং সাহস, আত্মত্যাগ, মানবিকতা এবং সীমান্তে কর্মরত সেনাদের অজানা সংগ্রামের গল্প তুলে ধরবে।
উল্লেখযোগ্য বিষয় হলো, সিনেমাটির প্রথম ঘোষিত নাম ছিল ‘ব্যাটেল অফ গলওয়ান’। পরে সেটির পরিবর্তে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ রাখা হয়।
নাম পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে পরিচালক অপূর্ব লাখিয়া এক সাক্ষাৎকারে জানান, সিনেমাটি কেবল একটি যুদ্ধকে কেন্দ্র করে নয়, বরং দেশের জন্য আত্মত্যাগ এবং মানবিক মূল্যবোধকে তুলে ধরে। সেই কারণেই নতুন শিরোনাম সিনেমার মূল ভাবনার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।
অন্যদিকে, সিনেমার মুক্তি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রথমে চলতি বছরের এপ্রিলে মুক্তির পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে যায়। পরে স্বাধীনতা দিবসের সপ্তাহে মুক্তির জল্পনা শোনা গেলেও এখনও পর্যন্ত নির্মাতারা নতুন মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি।
সম্প্রতি সিনেমাটি নিয়ে আরও একটি বিতর্ক সামনে আসে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, ‘মাতৃভূমি’ নাকি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের ছাড়পত্র পেতে সমস্যায় পড়েছে। তবে ৪ জুলাই সালমান খান ফিল্মস এক বিবৃতিতে সেই খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে।
প্রযোজনা সংস্থার বক্তব্য, সিনেমাটি এখনও সার্টিফিকেশনের জন্য সিবিএফসি-তে জমাই দেওয়া হয়নি। ফলে সেন্সর জটিলতার খবর সম্পূর্ণ ভুয়া। নির্মাতারা জানিয়েছেন, সিনেমা সংক্রান্ত সমস্ত আপডেট কেবল তাদের অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকেই প্রকাশ করা হবে।

বিনোদন ডেস্ক