যুক্তরাষ্ট্র মাতালেন অপূর্ব, নিউইয়র্ককে বললেন ‘হৃদয় জয় করা শহর’
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব মার্কিন মুলুকে নিজের একক কনসার্ট সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছেন। গত শনিবার (৮ আগস্ট) নিউইয়র্কের মঞ্চে ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ শিরোনামের এই গান পরিবেশনার মাধ্যমে উপস্থিত প্রবাসীদের মুগ্ধতায় ভাসান এই তারকা। কনসার্টটির সাফল্য ও দর্শকদের ভালোবাসায় আপ্লুত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
কনসার্টের পর নিজের অফিসিয়াল ভেরিফায়েড পেজে ছবি শেয়ার করে অপূর্ব লেখেন, ‘এনওয়াইসি, তুমি আমার হৃদয় জয় করে নিয়েছো! গত রাতটি যেন একটি স্বপ্ন সত্যি হওয়ার মতো ছিল। সেই মঞ্চে দাঁড়িয়ে তোমাদের সবার অফুরন্ত উদ্দীপনা ও ভালোবাসা অনুভব করার প্রতিটি মুহূর্ত আমি চিরকাল আগলে রাখব।’
নিউইয়র্কের প্রবাসীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ভালোবাসার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও যোগ করেন, ‘আমার একক শো-টিকে এমন এক অবিস্মরণীয় সাফল্য এনে দেওয়ার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। যারা কনসার্টে এসে সাফল্যমণ্ডিত করে তুলেছো, তাদের সবার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা।’
অভিনেতার এই স্ট্যাটাস প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। তার একক এই মিউজিক্যাল নাইট প্রবাসীদের মাঝে দারুণ সাড়া ফেলেছে এবং কনসার্টটি নিউইয়র্কের সংস্কৃতিপ্রেমীদের মনে দীর্ঘদিন স্মৃতির পাতায় থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ছবি : অভিনেতার ভেরিফায়েড পেজ থেকে

বিনোদন ডেস্ক