নেপালে আটকা খরাজ মুখার্জি, কবে ফিরছেন অভিনেতা?
নেপালের চীন সীমান্তঘেঁষা রসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান এবং ফ্ল্যাশ ফ্লাডের কারণে আটকে পড়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা খরাজ মুখার্জি। সঙ্গে আছেন তার স্ত্রী প্রতিভা মুখার্জি। তবে তাঁরা নিরাপদে রয়েছেন, জানিয়েছেন অভিনেতার ছেলে বিহু মুখোপাধ্যায়।
ফ্ল্যাশ ফ্লাডের কারণে অভিনেতার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না তার পরিবার। শেষে পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজার এবং এবিপি আনন্দের সঙ্গে কথা বলেছেন খরাজ। অভিনেতা জানিয়েছেন, তিনি নিরাপদে আছেন।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে খরাজ বলেন, ‘বাংলাদেশের একটি সিনেমার শুটিং করতে গত ২০ আগস্ট নেপালে এসেছি। ২৬ আগস্ট ফেরার কথা ছিল। বৃষ্টির কারণে আটকে পড়েছি। ভয়ংকর বন্যা। ফ্লাইটের টিকিটও পাওয়া যাচ্ছে না। রাস্তায় যাতায়াত করার অবস্থা নেই। এখন গোরখপুরে আছি। এখান থেকে ২৮ আগস্টের প্লেন ধরে কলকাতা ফিরব।’
বাংলাদেশের সিনেমা ‘শিকার’ সিনেমার শুটিং করতে গিয়ে নেপালে আটকা পড়েছেন তারা। কিছুদিন আগে এই সিনেমার শুটিং করতে নেপালেই গিয়েছিলেন পশ্চিমবঙ্গের অভিনেতা রজতাভ দত্তও। কিন্তু সৌভাগ্যবশত তাঁকে এমন কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি। গত ১৩ আগস্ট সেখান থেকে ফিরেছেন তিনি।
রজতাভ দত্ত আনন্দবাজার ডটকমকে বলেন, ‘শিকার সিনেমার শুটিং করতে নেপালে গিয়েছিলাম। আমার অংশের শুটিং আগেই শেষ হয়ে যায়। তাই ১৩ আগস্ট কলকাতায় ফিরে আসি। এসে পরমব্রতের একটি সিনেমার শুটিংও করলাম।’
তবে নেপালের পরিস্থিতির কথা শুনে খানিকটা চিন্তিত হয়ে পড়েছিলেন রজতাভ। তাই উদ্বিগ্ন হয়ে তাঁর সহ-শিল্পীদের খোঁজ নেন।
জানা গেছে, শুটিং স্পট এবং হোটেল থেকে ঘটনাস্থল খানিকটা দূরে। কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। তাই আটকে পড়েছেন অনেকেই।
প্রসঙ্গত, চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে যান কলাকুশলীরা। সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। সিনেমায় অভিনয় করছেন অপু বিশ্বাস, মুরতজা পলাশ, রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ আরও অনেকে।

বিনোদন ডেস্ক