‘আমি অবশ্যই আল্লাহকে ডাকব... পাশাপাশি অভিনয়ও করব’
ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক অমিত হাসান। নব্বইয়ের দশক থেকে দীর্ঘ সময় বড়পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। নায়ক হিসেবে সাফল্যের পর বিভিন্ন চরিত্রেও অভিনয় করে নিজের অবস্থান ধরে রেখেছেন এই অভিনেতা।
তবে সময়ের সঙ্গে বড়পর্দায় তার উপস্থিতি কমেছে। এখন বেছে বেছে কাজ করেন অমিত হাসান। বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকলেও মাঝেমধ্যে দেশে এসে চলচ্চিত্রের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেন তিনি।
সম্প্রতি দীর্ঘদিন পর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) দেখা যায় এই অভিনেতাকে। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের ব্যক্তি জীবন, ধর্মচর্চা ও অভিনয়জীবন নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
অমিত হাসানের কাছে ধর্ম ও পেশা—দুটিই আলাদা বিষয়। ধর্ম পালনের জন্য অভিনয় ছেড়ে দেওয়ার কোনো কারণ দেখেন না তিনি। বরং পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ধর্মীয় দায়িত্বও পালন করে যেতে চান এই অভিনেতা।
এ প্রসঙ্গে অমিত হাসান বলেন, ‘ধর্মটা নিজের কাছে। আমি চলচ্চিত্রে অভিনয় করছি দেখে ধর্ম করব না, আবার ধর্ম করব দেখে চলচ্চিত্রও ছেড়ে দেব—বিষয়টা এমন নয়। হয়তো ম্যান টু ম্যান ভ্যারি করে ব্যাপারটা। যার যার ব্যক্তিগত চিন্তা থাকতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে, আমার ধর্ম-কর্ম আমার কাছে।’
নিজের পেশাকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে তিনি বলেন, ‘এফডিসি বা অভিনয় হচ্ছে আমার কর্ম। আজকে মানুষ আমাকে অমিত হাসান হিসেবে চেনে আমার কাজের কারণে। এই কাজের মাধ্যমেই আমি মানুষের ভালোবাসা পেয়েছি। আমার পরিবারও এই পেশার মাধ্যমে চলেছে।’
ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি অভিনয় চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে অমিত হাসান বলেন, ‘আমি অবশ্যই আল্লাহকে ডাকব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, রোজা করব, হজ করব। এগুলো আমার ধর্মীয় দায়িত্ব। পাশাপাশি অভিনয়ও করব। কারণ এই অভিনয়ের মাধ্যমেই মানুষ আমাকে চিনেছে।’
ধর্ম ও কর্মকে আলাদা জায়গায় রেখে চলেন জানিয়ে এই অভিনেতা আরও বলেন, ‘আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, ধর্ম এক জিনিস, কর্ম আরেক জিনিস। দুটোকে আমি নিজের জায়গা থেকে পালন করার চেষ্টা করি। আল্লাহ আছেন, আমি সবসময় সৎভাবে কাজ করার চেষ্টা করেছি। পাশাপাশি ধর্ম পালনও করার চেষ্টা করেছি।’
নিজের কাজ ও ধর্মীয় জীবনের মূল্যায়ন মানুষের হাতে নয়, সৃষ্টিকর্তার ওপরই ছেড়ে দিয়েছেন অমিত হাসান। তার ভাষায়, ‘আমি কতটা ভালো করতে পেরেছি, কতটা পারিনি সেটা আল্লাহই ভালো জানেন। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। কাজের জায়গায় সৎ থাকার চেষ্টা করেছি, আর ধর্মের জায়গাতেও নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করেছি।’

বিনোদন ডেস্ক