আমিরকে কেন ‘ভালো প্রাক্তন স্বামী’ বলা হয়?
বিচ্ছেদ হয়েছে, কিন্তু সম্পর্কের দরজা বন্ধ করেননি আমির খান। সাবেক স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে এখনও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে বলিউডের এই অভিনেতার। এবার আমিরের ব্যক্তিজীবন ও সম্পর্কের ধরন নিয়ে মুখ খুলেছেন তার ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা আমিন হাজি ও তার স্ত্রী শার্লট।
সিদ্ধার্থ কান্নানের সঙ্গে এক সাক্ষাৎকারে আমিন হাজি জানান, সম্পর্কের ক্ষেত্রে আমিরের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বস্ততা। কোনো ব্যক্তির একটি আচরণে তিনি কষ্ট পেতে পারেন, কিন্তু সেই একটি ঘটনাকে কেন্দ্র করে পুরো সম্পর্ককে বিচার করেন না।
আমিনের ভাষ্য, আমির একবার মজা করে তাকে বলেছিলেন, তিনি নাকি ‘ভালো স্বামীর চেয়েও ভালো প্রাক্তন স্বামী’। কথাটি মজার হলেও আমিরের সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গির একটা দিক এতে স্পষ্ট হয় বলে মনে করেন তার বন্ধু।
মানুষের ভুলকে দেখার ক্ষেত্রেও আমির বেশ উদার বলে জানান আমিন। তার মতে, কেউই নিখুঁত নয়। প্রত্যেকেরই ভুল থাকে। তাই একজন মানুষের একটি ভুলের কারণে তার সব ভালো দিককে অস্বীকার করা উচিত নয়। বরং ভালো কাজ ও ইতিবাচক দিকগুলোও বিবেচনায় রাখা প্রয়োজন।
আমিরের সাবেক স্ত্রী রিনা দত্তের প্রসঙ্গেও এমন মানসিকতার উদাহরণ দিয়েছেন আমিন ও শার্লট। তাদের দাবি, বিয়ের পর রিনা নিজের নাম ও ধর্মীয় পরিচয় পরিবর্তন করেননি। আমিরও তাকে নিজের পরিচয় বদলানোর জন্য কখনো চাপ দেননি।
শার্লট জানান, রিনা নিজের নাম ‘রিনা দত্ত’ হিসেবেই রেখেছেন এবং আমির সেই সিদ্ধান্তকে সম্মান করেছেন। সন্তানদের নাম রাখার ক্ষেত্রেও রিনার মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছিল। জুনায়েদ ও আইরার জন্মের সময়কার কিছু ঘটনাও কাছ থেকে দেখেছেন বলে জানান শার্লট।
শুধু সাবেক স্ত্রীদের ক্ষেত্রেই নয়, সাধারণভাবেও আমির মানুষকে ইতিবাচকভাবে দেখার চেষ্টা করেন বলে মনে করেন শার্লট। তার ভাষায়, তারকা হিসেবে জীবনে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেও অন্যের ভালো দিক খুঁজে নেওয়ার অভ্যাস আমিরের রয়েছে।
‘লাল সিং চাড্ডা’ মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে আমিরকে ব্যাপক সমালোচনা ও কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে শার্লট বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম তারকাদের খুব সহজেই নেতিবাচক মন্তব্যের সামনে দাঁড় করিয়ে দেয়। কিন্তু এমন অভিজ্ঞতা আমিরকে মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দিকে ঠেলে দেয়নি। বরং তিনি পরিস্থিতি বোঝার এবং সম্পর্ক ধরে রাখার চেষ্টা করেন।
আমিরের ব্যক্তিজীবনে একাধিক সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে বহুবার আলোচনা হয়েছে। রিনা দত্তের সঙ্গে তার দুই সন্তান জুনায়েদ ও আইরা। ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির। তাদের ছেলে আজাদের জন্ম হয় ২০১১ সালে সারোগেসির মাধ্যমে। ২০২১ সালে আমির ও কিরণ বিচ্ছেদের ঘোষণা দেন।
বর্তমানে আমির গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আছেন। তবে অতীতের সম্পর্কগুলোকে মুছে না ফেলে সম্মান ও বন্ধুত্ব বজায় রাখার যে মানসিকতা তার মধ্যে রয়েছে, সেটিই নতুন করে আলোচনায় এনেছেন তার ঘনিষ্ঠরা।

বিনোদন ডেস্ক