চট্টগ্রামে বসছে রকের বড় আসর, মঞ্চে ৬ ব্যান্ড
চট্টগ্রামে বসতে যাচ্ছে রক সংগীতের বড় আয়োজন ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬’। আগামী ১১ সেপ্টেম্বর নগরীর নেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। এতে দেশের জনপ্রিয় ছয়টি ব্যান্ড ও শিল্পী সংগীত পরিবেশন করবেন।
লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত এই কনসার্টে অংশ নেবে অর্থহীন, অ্যাভয়েড রাফা, এ কে রাহুল, নেমেসিস, লেভেল ফাইভ ও তীরন্দাজ।
এর আগে গত জুলাইয়ে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আটটি ব্যান্ডের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘ওভারলোড ফেস্টিভ্যাল’-এর প্রথম আসর। ঢাকার আয়োজনের সাফল্যের পর এবার একই শিরোনামে কনসার্টটি চট্টগ্রামে নিয়ে যাচ্ছে আয়োজক প্রতিষ্ঠান।
চট্টগ্রামের এই আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ব্যান্ড ‘অর্থহীন’। দীর্ঘ পাঁচ বছর পর চট্টগ্রামের মঞ্চে পারফর্ম করতে যাচ্ছে দলটি। এর আগে দীর্ঘ ১৬ মাসের বিরতির পর গত জুলাইয়ে ঢাকার ‘ওভারলোড ফেস্টিভ্যাল’-এর মধ্য দিয়ে নতুন লাইনআপে মঞ্চে ফেরে অর্থহীন।
চট্টগ্রামে পারফরম্যান্স নিয়ে নিজেদের ফেসবুক পেজে অর্থহীন লিখেছে, ‘দীর্ঘ পাঁচ বছর পর চট্টগ্রামের মাটিতে আবারও প্রত্যাবর্তন হচ্ছে অর্থহীনের! আপনারা প্রস্তুত তো, চট্টগ্রামবাসী?’
আয়োজকদের ভাষ্য, রক সংগীতপ্রেমীদের জন্য চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত লাইভ মিউজিক আয়োজন হতে যাচ্ছে ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬’। কনসার্টে ছয় ব্যান্ডের পরিবেশনার মধ্য দিয়ে বিকেল থেকে রাত পর্যন্ত সরব থাকবে নেভি কনভেনশন সেন্টার।
ইতোমধ্যে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম ‘গেট সেট রক’-এর ওয়েবসাইটে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা।
আগামী ১১ সেপ্টেম্বর বেলা ৩টায় শুরু হবে কনসার্ট। দর্শকদের প্রবেশের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ২টায়। রাত ১০টা পর্যন্ত চলবে এই আয়োজন।

বিনোদন ডেস্ক