মিথিলার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মধ্যেই কী ইঙ্গিত দিলেন সৃজিত?
পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি ও অভিনেত্রী মিথিলার দাম্পত্য সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় নানা আলোচনা চলছে। বিয়ের পর থেকেই তাঁদের দূরত্ব ও আলাদা থাকার খবর ঘিরে একাধিকবার উঠেছে বিচ্ছেদের গুঞ্জন। তবে এ বিষয়ে দুজনের কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। এবার ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে সৃজিত জানালেন, তাঁর জীবনে বর্তমানে কোনো স্থায়ী সঙ্গী নেই। যদিও পুরো সাক্ষাৎকারে একবারও মিথিলার নাম নেননি তিনি। তার এই মন্তব্য নতুন করে মিথিলার সঙ্গে তার সম্পর্ক ভেঙে যাওয়ার জল্পনা উসকে দিয়েছে।
টক শো ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’তে অতিথি হয়ে নিজের অতীত সম্পর্ক, সাবেক প্রেমিকাদের সঙ্গে বন্ধুত্ব এবং ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন সৃজিত। সেখানেই সঞ্চালক তাঁকে প্রশ্ন করেন, জীবনের এই বয়সে এসে তিনি কি কোনো ‘স্টেবল পার্টনারশিপ’ বা স্থায়ী সঙ্গীর অভাব বোধ করেন কিনা? জবাবে সৃজিত বলেন, ‘হ্যাঁ, কখনো কখনো একাকিত্ব অনুভব করি। আবার কখনো তা একেবারেই মনে হয় না। কারণ, কাজ, সংগীত, ক্রিকেট আর বন্ধুদের সঙ্গে সময় কাটানো—এসবই আমার পৃথিবীকে আলোয় ভরিয়ে রাখে। তখন নিজেকে একা মনে হয় না।’
সৃজিতের এই বক্তব্য সামনে আসার পরই মিথিলার সঙ্গে তাঁর বর্তমান সম্পর্কের বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে চলা তাঁদের দাম্পত্য দূরত্বের গুঞ্জনের সঙ্গে সৃজিতের ‘স্থায়ী সম্পর্ক নেই’ মন্তব্যকে মিলিয়ে দেখছেন অনেকেই।
তবে সৃজিত তাঁর বক্তব্যে মিথিলার নাম সরাসরি উল্লেখ করেননি। এমনকি মিথিলা তাঁর জীবনে বর্তমান নাকি সাবেক—সেটিও স্পষ্ট করেননি। ফলে পরিচালকের মন্তব্য ঘিরে রহস্য আরও বেড়েছে।
এদিকে সাক্ষাৎকারে সাবেক প্রেমিকাদের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ থাকার কথা জানান সৃজিত। স্বস্তিকা মুখোপাধ্যায় কিংবা ঋতাভরী চক্রবর্তীর মতো সাবেকদের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও তাদের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে বলে জানান তিনি।
সাক্ষাৎকারে নিজের সম্পর্কের অভিজ্ঞতা বোঝাতে জীবনের সঙ্গে ট্রেনযাত্রার তুলনাও টানেন সৃজিত। গত বছর অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। সেই প্রসঙ্গেই সৃজিত বলেন, ‘আসলে জীবন একটা জার্নি, অনেকে ট্রেন থেকে কয়েকটা স্টেশন পর নেমে যায়। সুস্মিতাও নেমে গিয়েছে, হয়তো অন্য কোনো ট্রেন ধরেছে।’

বিনোদন ডেস্ক