সালমান শাহ স্মরণে শাবনূর
‘পুরোনো গান শুনলে মনে হয়, তুমি যেন আবার ফিরে এসেছ’
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহকে ঘিরে দর্শকের আবেগ আজও অটুট। নব্বইয়ের দশকের সেই সোনালি সময় পেরিয়ে বহু বছর কেটে গেলেও তাঁর অভিনয়, গান ও পর্দার উপস্থিতি এখনো ভক্তদের মনে সমানভাবে দাগ কেটে আছে। জন্মদিনে প্রিয় এই নায়ককে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ফেসবুক পোস্টে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।
বার্তায় সালমান শাহর শুধু অভিনয় প্রতিভাই নয়, তাঁর মানবিক গুণের কথাও তুলে ধরা হয়েছে। শুটিং সেটে তিনি জনপ্রিয় নায়ক হওয়ার পাশাপাশি আশপাশের মানুষের প্রতি ছিলেন আন্তরিক ও শ্রদ্ধাশীল—এমন স্মৃতিই উঠে এসেছে নায়িকার পোস্টে।
সালমানের জন্মদিনে তাকে স্মরণ করে ফেসবুক পোস্ট শাবনূর লিখেছেন, ‘শুভ জন্মদিন, প্রিয় সালমান শাহ! কত বছর পেরিয়ে গেল, অথচ ৯০-এর দশকের সেই সোনালী দিনগুলো আজও চোখের সামনে ভাসে। শুটিং সেটে তুমি শুধু একজন জনপ্রিয় নায়কই ছিলে না, ছিলে একজন অসাধারণ হৃদয়ের মানুষ। তোমার আশেপাশের প্রতিটি মানুষকে তুমি সম্মান করতে। শুটিং ইউনিটের কর্মী হোক কিংবা সাধারণ অভিনয়শিল্পী কাউকেই কখনো ছোট করে দেখতে না। সবার খোঁজ নিতে, প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে এবং আপন করে যত্ন নিতে। তোমার এই সুন্দর মন আর মানবিকতাই তোমাকে মানুষের হৃদয়ে এতটা আপন করে রেখেছে।’
সালমান শাহ‘র পুরোনো গান প্রসঙ্গে তিনি লিখেন, ‘পুরোনো কোনো গান শুনলে কিংবা তোমার কোনো সিনেমার দৃশ্য চোখে পড়লে মনে হয়, তুমি যেন আবার ফিরে এসেছো সেই সোনালী দিনগুলোতে।’
প্রিয় নায়কের জন্য দোয়া চেয়ে তিনি আরও লিখেন, ‘মহান আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন এবং জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।’
সালমান শাহকে নিয়ে কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য কিংবা অসম্মানজনক মন্তব্য না করার আহ্বান জানিয়ে শাবনূর লিখেন, ‘সবার প্রতি সবিনয় অনুরোধ, প্রিয় সালমান শাহকে নিয়ে আমরা কেউ যেন কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করি। একজন প্রয়াত মহান শিল্পীর প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান সবসময় অটুট থাকুক। তাঁর অমর স্মৃতিকে ভালোবাসা ও মর্যাদার সঙ্গেই হৃদয়ে ধরে রাখি।’
প্রসঙ্গত, ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমারর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন সালমান শাহ। এরপর আর পেছনে তাকাতে হয়নি সালমান শাহকে। রুপালি পর্দায় অভিষেকের পর খুব শিগগিরই সালমান শাহ হয়ে উঠেছিলেন কোটি তরুণ-তরুণীর স্বপ্নের নায়ক। চার বছরের ক্যারিয়ারে মাত্র ২৭ সিনেমায় অভিনয় করে পেয়েছেন আকাশ সমান জনপ্রিয়তা।

বিনোদন ডেস্ক