দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
৮৩ বছর বয়সেও শুটিং নিয়ে ব্যস্ত বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। বয়সকে যেন পাত্তাই দিচ্ছেন না ‘বিগ বি’। তবে এবার শুটিং করতে গিয়েই দুর্ঘটনার শিকার হয়েছেন এই অভিনেতা। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর শুটিং চলাকালে পড়ে গিয়ে হাঁটুতে চোট পেয়েছেন তিনি।
অবশ্য চোট গুরুতর নয় বলে নিজেই জানিয়েছেন অমিতাভ। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর প্রচারিত ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর পর্বে নিজের চোটের কথা জানান অভিনেতা।
প্রতিদিনের মতো এদিনও দর্শকদের সামনে হাজির হন অমিতাভ। তবে শুরুতেই চোখে পড়ে কিছুটা পরিবর্তন। সাধারণত অনুষ্ঠানের শুরুতে মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। কিন্তু হাঁটুর চোটের কারণে সেদিন বসেই নিজের বক্তব্য শুরু করেন করেন তিনি।
কীভাবে চোট পেলেন—সেটিও দর্শকদের জানান অমিতাভ। অভিনেতার ভাষ্য অনুযায়ী, আগের দিন শুটিং চলাকালে হঠাৎ পিছলে পড়ে যান তিনি। এতে বাঁ হাঁটুতে আঘাত পান। নিজের বাঁ হাঁটুর দিকে ইঙ্গিত করে দর্শকদের বিষয়টি জানান তিনি। অভিনেতার কথা শুনে উদ্বিগ্ন হয়ে পড়েন স্টুডিওতে উপস্থিত দর্শকরা।
অমিতাভের এমন কথা শুনে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন স্টুডিওতে উপস্থিত দর্শকরা। তবে তাদের আশ্বস্ত করে অভিনেতা জানান, চোট গুরুতর নয়।
অনুষ্ঠানের প্রতিযোগীদের সঙ্গে কথা বলার সময় তিনি দাঁড়াবেন। কিন্তু সূচনাপর্বে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে তার কিছুটা অসুবিধা হচ্ছে। তাই এদিন বসেই দর্শকদের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেন তিনি।

বিনোদন ডেস্ক