দ্বিতীয়বার মা-বাবা হচ্ছেন কিয়ারা-সিদ্ধার্থ
বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে আবারও আসছে নতুন অতিথি। দ্বিতীয়বার মা-বাবা হতে চলেছেন বলিউডের এই জনপ্রিয় জুটি। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নিয়েছেন তারা।
ইনস্টাগ্রামে কিয়ারা ও সিদ্ধার্থ একটি বিশেষ ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা যায়, তাদের হাতের সঙ্গে রয়েছে একমাত্র মেয়ে সারায়াহর ছোট্ট হাত। তিনজনের হাতের পাশে রাখা ছিল ক্রোশিয়ায় তৈরি একজোড়া শিশুর মোজা। ছবিটির সঙ্গে তারা লিখেছেন, ‘আবারও জীবনের সবচেয়ে বড় উপহারে আশীর্বাদধন্য হলাম। আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ।’
সুখবরটি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভাসছেন কিয়ারা ও সিদ্ধার্থ। ভক্তদের পাশাপাশি বলিউডের সহকর্মীরাও তাদের ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। পরিণীতি চোপড়া, কারিনা কাপুর, রাকুল প্রীত সিং, করণ জোহর, আথিয়া শেঠি, ভূমি পেডনেকর ও মানীশ মালহোত্রাসহ অনেক তারকা তাদের পোস্টে অভিনন্দন জানিয়েছেন।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন কিয়ারা ও সিদ্ধার্থ। এরপর ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি প্রথমবার মা-বাবা হওয়ার সুখবর জানিয়েছিলেন তারা। সেবারও একজোড়া ছোট্ট শিশুর মোজার ছবি প্রকাশ করেই ভক্তদের চমকে দিয়েছিলেন এই তারকা দম্পতি। সেই সঙ্গে তারা লিখেছিলেন, ‘আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার শীঘ্রই আসছে।’ ওই বছরের জুলাইয়ে তাদের প্রথম সন্তান সারায়াহর জন্ম হয়।
‘শেরশাহ’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে কিয়ারা ও সিদ্ধার্থের মধ্যে সম্পর্কের শুরু। পর্দার সেই সম্পর্কই পরে গড়ায় বাস্তব জীবনের ভালোবাসায়। ২০২৩ সালে রাজস্থানের জয়সালমেরের সূর্যগড় প্যালেসে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা।

বিনোদন ডেস্ক