এবার ‘শিরোনাম’ নিয়ে ফিরছেন কাজী মারুফ
দীর্ঘদিন পর আবারও সিনেমার পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন চিত্রনায়ক কাজী মারুফ। ‘ইতিহাস’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেতা এক সময় নিয়মিত অভিনয় করলেও বেশ কয়েক বছর ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও দেশের সিনেমার প্রতি তার আগ্রহে ভাটা পড়েনি। এবার নতুন সিনেমার ঘোষণা দিয়ে সেই বিরতিতে ইতি টানার ইঙ্গিত দিলেন তিনি।
কাজী মারুফের নতুন সিনেমার নাম ‘শিরোনাম’। গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির পোস্টার প্রকাশ করে নতুন কাজের খবর জানিয়েছেন তিনি।
পোস্টারজুড়ে ছড়িয়ে থাকা রক্তের মাঝে পড়ে থাকতে দেখা গেছে তিনটি সংবাদপত্র। সেখানে দেখা গেল চারিদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে রক্ত, তার মাঝে পড়ে আছে তিনটি সংবাদপত্র। একটি সংবাদপত্রে শিরোনাম ‘রাজনীতিতে নতুন সংকট: দেশজুড়ে উত্তেজনা, বাড়ছে অনিশ্চয়তা’, অন্য দুটির শিরোনাম ‘সীমান্তে বাড়ছে উত্তেজনা’ ও ‘বিক্ষোভ সারা দেশে: মানুষের দাবি দ্রুত সমাধান’।
পোস্টারের এই দৃশ্যপটেই স্পষ্ট হয়েছে সিনেমাটির গল্পের বিষয়বস্তু নিয়ে কিছুটা ধারণা। দেশের রাজনীতি, সীমান্ত পরিস্থিতি ও সাম্প্রতিক নানা ঘটনাপ্রবাহকে কেন্দ্র করেই নির্মিত হতে যাচ্ছে ‘শিরোনাম’। তবে গল্পের বিস্তারিত এখনই প্রকাশ করতে চাইছেন না নির্মাতা।
সিনেমাটির গল্পের ভিত্তি হিসেবে দেশের সাম্প্রতিক সময়ের বাস্তবতাকে বেছে নিয়েছেন কাজী মারুফ। সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে কি না—জানতে চাইলে যুক্তরাষ্ট্র থেকে তিনি বলেন, ‘অনেকটাই, তবে পুরোপুরি সত্য ঘটনা নিয়ে নয়। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে এই সিনেমা। আসলে সিনেমা মানেই কল্পনা, আবার সিনেমা মানে সত্য। এখন এর বেশি কিছু বলতে চাই না। আশা করছি, দর্শক পছন্দ করবেন।’
এর আগে নির্মাণ ও অভিনয়—দুই ভূমিকাতেই কাজী মারুফকে দেখা গেছে ‘গ্রীন কার্ড’ সিনেমায়। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন বসবাসের অভিজ্ঞতা থেকে নির্মিত ওই সিনেমায় প্রবাসী বাংলাদেশিদের জীবন, সংগ্রাম, স্বপ্ন ও বাস্তবতার গল্প তুলে ধরেছিলেন তিনি।
২০২৪ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাটি অবশ্য প্রত্যাশিত সাড়া পায়নি। ওই ঈদে মুক্তি পাওয়া ১১টি সিনেমার মধ্যে মাত্র দুটি প্রেক্ষাগৃহে জায়গা পেয়েছিল ‘গ্রীন কার্ড’।
এবার ‘শিরোনাম’ নিয়ে নতুনভাবে দর্শকের সামনে হাজির হতে চান কাজী মারুফ। সিনেমাটির শুটিং হবে বাংলাদেশে। কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করবেন তিনি। তবে তার বিপরীতে কে থাকছেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
কাজী মারুফ জানান, নতুন সিনেমার কাজ শুরু করতে চলতি মাসেই দেশে ফিরবেন তিনি। আগামী ১৫ অক্টোবর দেশে ফেরার পর নায়িকাসহ অন্যান্য অভিনয়শিল্পী ও কলাকুশলী চূড়ান্ত করা হবে। এরপরই শুরু হবে ‘শিরোনাম’-এর শুটিং।

বিনোদন ডেস্ক