দুর্গাপূজায় সমরজিৎ-প্রিয়াংকার গান ‘মায়াবী জ্যোৎস্না রাতে’
দুর্গাপূজা উপলক্ষে নতুন মৌলিক দ্বৈত গান নিয়ে আসছেন সংগীতশিল্পী সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ। ‘মায়াবী জ্যোৎস্না রাতে’ শিরোনামের রোমান্টিক গানটিতে তাঁদের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সমরজিৎ রায় পরিচালিত সংগীত প্রতিষ্ঠান সুরছায়ার ছয় শিক্ষার্থী।
গানটিতে সমরজিৎ ও প্রিয়াংকার কণ্ঠের সঙ্গে যুক্ত হয়েছে মৌসুমী, ঐশী, প্রতিমা, অর্ণি, অর্চিশা ও মিতার কোরাস ও সরগম। শিল্পীদের কণ্ঠের সমন্বয়ে গানটিতে তৈরি হয়েছে ভিন্নধর্মী সংগীত আয়োজন। গানটির কথা লিখেছেন সঞ্জয় রায়। সুর, সংগীতায়োজন ও সংগীত পরিচালনায় রয়েছেন সমরজিৎ রায়।
নতুন গানটি প্রসঙ্গে সমরজিৎ রায় বলেন, “সুরছায়ার শিক্ষার্থীরা খুব যত্ন নিয়ে কোরাস ও সরগমের অংশগুলো গেয়েছে। একজন শিক্ষক হিসেবে নিজের শিক্ষার্থীদের একটি মৌলিক ও পেশাদার সঙ্গীত প্রযোজনায় যুক্ত করতে পারাটা আমার জন্য বিশেষ আনন্দের। প্রিয়াংকা বরাবরের মতোই অসাধারণ গেয়েছেন। সব মিলিয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আমরা আশাবাদী।”
আগামী ১৪ অক্টোবর আন্তর্জাতিক বিভিন্ন অনলাইন সংগীত প্ল্যাটফর্মে প্রকাশ পাবে ‘মায়াবী জ্যোৎস্না রাতে’। আইটিউনস ও স্পটিফাইয়ের পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্মেও শোনা যাবে গানটি। একই দিনে সমরজিৎ রায়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটির মিউজিক ভিডিও।

বিনোদন ডেস্ক