হামে আক্রান্ত নাদিয়ার মেয়ে, চাইলেন দোয়া
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়ার একমাত্র মেয়ে মেহরোজ নূর সানাহ হামে আক্রান্ত হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে। মেয়ের অসুস্থতার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে সানাহর চিকিৎসা চলছে।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০ টার দিকে মেয়ের অসুস্থতার কথা জানিয়ে নাদিয়া লিখেছেন, ‘আমাদের সানাহ বেবি অনেক অসুস্থ, হাম পজিটিভ। প্রচণ্ড সর্দি-জ্বরে ভুগছে, চিকিৎসা চলছে।’
একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন নাদিয়া। তিনি লেখেন, ‘সবাই নিজের বাচ্চাদের প্রতি যত্নশীল হোন, বাচ্চাদের নিরাপদে রাখুন। সবাই আমার সানাহর জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন।’
অভিনেত্রীর মেয়ের অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর উদ্বেগ প্রকাশ করেছেন ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে সানাহর দ্রুত সুস্থতা কামনা করছেন অনেকে।
দেড় দশকেরও বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন সালহা খানম নাদিয়া। টেলিভিশন নাটকের পাশাপাশি বিজ্ঞাপনচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রেও রয়েছে তার উপস্থিতি। ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। এ ছাড়া কলকাতার ‘সুনেত্রা সুন্দরম’ চলচ্চিত্রেও দেখা গেছে তাকে।
ব্যক্তিজীবনে ২০২৪ সালের ২১ জুন সালমান আরাফাতের সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে আনেন নাদিয়া। সালমানও বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত। নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন তিনি। চলতি বছরের ১ জানুয়ারি কন্যাসন্তানের মা-বাবা হওয়ার খবর জানান এই দম্পতি। সানাহ তাদের একমাত্র সন্তান।
হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। এ রোগের সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে ফুসকুড়ি দেখা দেওয়া। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে হাম গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে। তাই উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

বিনোদন ডেস্ক