কেনাকাটা করলে কি মানুষ সুখী হয়?
কেনাকাটা ও সুখ কি একই সূত্রে গাঁথা? সাম্প্রতিক সময়ের একটি গবেষণার ফল তো তা-ই বলে। গবেষণায় দেখা গেছে, গেজেট বা পোশাক কেনার সঙ্গে মানুষের সুখ জড়িত আছে। তবে অনেক বেশি টাকা খরচ করে দূরে কোথাও ঘুরতে গেলে অথবা ভালোবাসার মানুষের সঙ্গে নামীদামি কোনো হোটেলে খেতে গেলেও মানুষ তীব্র সুখ অনুভব করে।
গবেষণায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন পত্রিকা হাফিংটন পোস্ট।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের মনোবিজ্ঞান বিভাগের একদল অধ্যাপক এ গবেষণা পরিচালনা করেন। গবেষণায় তাঁরা যা পেয়েছেন, সেটি নিয়ে একটি গবেষণাপত্র লিখেছেন, যার শিরোনাম ‘দ্য বেনিফিটস অব রিটেইল থেরাপি : মেকিং পারচেজ ডিসিশন্স রিডিউসেস রেসিডুয়াল স্যাডনেস’।
গবেষকরা মনে করেন, পয়সা খরচ করে কেনাকাটা করা বা ঘুরতে যাওয়া—সবই আমাদের খুশির ওপর প্রভাব ফেলে, তবে একেকটির অনুভূতি একেক রকম। কোন অনুভূতিটা আপনি নিতে চান, সেটা পুরোপুরি আপনার ওপরই নির্ভর করে।
গবেষণার অংশ হিসেবে একদল স্বাস্থ্য বিশেষজ্ঞ কয়েকজন মানুষকে ১৫ দিন ধরে পর্যবেক্ষণ করেন, বিশেষ করে যখন তাঁরা গেজেট বা পোশাক কেনাকাটা করেছেন তখন। অন্যদিকে যাঁরা ছুটির দিন ঘুরতে যাওয়ার জন্য বিভিন্ন ট্রিপের পেছনে টাকা খরচ করেছেন, তাঁদের পর্যবেক্ষণ করেন আরেক দল স্বাস্থ্য বিশেষজ্ঞ।

যখন দুই দলের মানুষের অভিজ্ঞতা বা তাঁদের সুখের অনুভূতির মধ্যে তুলনা করে দেখা হয় তখন দেখা যায়, দুই দলই তাদের কাজে আনন্দ পেয়েছেন, তবে ভিন্নভাবে।
যাঁরা কম টাকা খরচ করে গেজেট বা নতুন পোশাক কিনেছেন, তাঁদের সুখের অনুভূতি কমপক্ষে কয়েক সপ্তাহ স্থায়ী হয়। অথচ যাঁরা বেশি টাকা খরচ করে দেশের বাইরে ঘুরতে যাচ্ছেন, তাঁদের সুখ স্বল্পস্থায়ী। তবে গবেষকরা আরো বলেন, কয়েক বছর পর যখন মানুষ নিজেদের ঘুরতে যাওয়ার মুহূর্তগুলো মনে করেন, তখন তাঁরা ভীষণ আনন্দিত হন।
তাই যদি আপনার মন খারাপ হয় বা অসুখী থাকেন, তাহলে নিজের পছন্দের কোনো কিছু কিনে ফেলুন। অথবা ভালোবাসার মানুষের সঙ্গে বেরিয়ে পড়ুন দূরে কোথাও। দেখবেন, নিজেকে অনেকটা সুখী মনে হচ্ছে। আর এই সুখের মুহূর্তগুলো যতবার মনে পড়বে, ততবারই নিজেকে সুখী মনে হবে।

জান্নাতুল এ্যানি