সতেজ থাকতে সকালে কী মিশিয়ে খান অভিনেত্রী মালাইকা?
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করতে মালাইকা অরোরা ভরসা করেন বিশেষ এক ‘ইমিউনিটি শট’-এর ওপর। এটি তৈরি করতে তিনি ব্যবহার করেন আদা, কাঁচা হলুদ, পুদিনা পাতা, তুলসী পাতা, চিয়া সিডস এবং জল। সবগুলো উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে ছেঁকে নিয়ে তিনি এই পানীয় পান করেন; স্বাদের জন্য কখনও মেশান সামান্য মধু। আদা ও হলুদ শরীরের প্রদাহ কমায়, আর তুলসী ও পুদিনা শরীরকে সতেজ রাখতে সাহায্য করে।
হজমশক্তি বাড়াতে ‘ডাইজেস্টিভ শট’
সুস্থ থাকার প্রধান শর্ত হলো উন্নত হজম ব্যবস্থা। আর এর জন্যই মালাইকার পছন্দ ‘ডাইজেস্টিভ শট’। তিনি রাতে এক চামচ করে জোয়ান, জিরে, মৌরি এবং মেথি জলে ভিজিয়ে রাখেন। সকালে সেই জল হালকা গরম করে সামান্য লেবুর রস মিশিয়ে পান করেন। এই পানীয়টি পেট পরিষ্কার রাখতে, গ্যাস-অম্বল কমাতে এবং সার্বিক হজমশক্তি বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর।
ত্বকের জেল্লায় ‘গ্লো শট’ ও গ্রিন জুস
ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে মালাইকা নিয়মিত পান করেন ‘গ্লো শট’। এটি মূলত অ্যালোভেরা জেল এবং জলের মিশ্রণ। কখনও তিনি অ্যালোভেরা বরফের কিউব বা ভেজানো চিয়া সিডসও এতে যোগ করেন, যা ত্বককে হাইড্রেটেড রাখে। এছাড়া শরীর ঠান্ডা রাখতে এবং এনার্জি বজায় রাখতেওয়ার্কআউটের সময় তিনি শসা, সেলারি ও গ্রিন অ্যাপল দিয়ে তৈরি ‘গ্রিন জুস’ পান করেন।
বিশেষজ্ঞদের পরামর্শ ও স্বাস্থ্যকর জীবনযাপন তবে বিশেষজ্ঞদের মতে, এই পানীয়গুলো শরীরের জন্য উপকারী হলেও এগুলো কোনো জাদুকরী সমাধান নয়। ভালো স্বাস্থ্য বজায় রাখতে হলে এই পানীয়গুলোর পাশাপাশি পুষ্টিকর খাবার, পর্যাপ্ত ঘুম, নিয়মিত শরীরচর্চা এবং প্রচুর পরিমাণে জল পান করা জরুরি। মালাইকা অরোরার এই সহজ ওয়াটার থেরাপি আমাদের মনে করিয়ে দেয় যে, দামি সাপ্লিমেন্ট নয় বরং প্রতিদিনের ছোট ছোট স্বাস্থ্যকর অভ্যাসই শরীরকে দীর্ঘস্থায়ী সুস্থতা প্রদান করে।
সূত্র: আজকাল ইন

ফিচার ডেস্ক