হিট ছাড়াই সোজা চুল হবে কোঁকড়ানো! সোনাক্ষীর এই সিক্রেট ট্রিকসটি জানেন কি?
চরিত্রের প্রয়োজনে পর্দায় প্রায়ই চুলের স্টাইল বদলাতে হয় বলিউড তারকাদের। কখনো স্ট্রেটনার, কখনো বা কার্লার নানা ধরনের হিটিং টুলস বা তাপ ব্যবহার করায় চুলের বারোটা বাজতে সময় লাগে না। তবে এবার কোনো রকম তাপ ছাড়াই সোজা চুলকে রাতারাতি আকর্ষণীয় কোঁকড়ানো (কার্লি) করার এক দারুণ ঘরোয়া পদ্ধতি দেখালেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। নিজের ইউটিউব চ্যানেলে শাশুড়ির কাছ থেকে শেখা এই সহজ কৌশলের সুফল হাতেনাতে প্রমাণ করে দেখিয়েছেন তিনি।
সোনাক্ষীর দাবি, চুলে এই বিশেষ কার্ল আনার জন্য দামি কোনো পণ্যের প্রয়োজন নেই, কেবল একটিমাত্র ঘরোয়া উপকরণই যথেষ্ট। আর সেটি হলো তিসির বীজ (Flaxseeds)। এই বীজ দিয়ে তৈরি প্রাকৃতিক জেল চুলে কোনো ক্ষতি না করেই সুন্দর কার্ল নিয়ে আসে। এটি তৈরি করা যেমন সহজ, খরচও তেমনি নামমাত্র।
জেল প্রস্তুত করার জন্য একটি পাত্রে ২ কাপ পানির মধ্যে ১ টেবিল চামচ তিসির বীজ দিয়ে ফুটাতে হবে। প্রায় ২০ মিনিট ফোটানোর পর পানি ঘন হয়ে ওপরে ফেনা জমতে শুরু করলে নামিয়ে ছেঁকে নিতে হবে। ঠান্ডা হলে এটি একটি হালকা জেলির মতো মিশ্রণে পরিণত হবে। চুল ভালোভাবে পরিষ্কার করে এই ঠান্ডা জেলটি পুরো মাথায় মেখে নিতে হবে। এরপর চুলগুলোকে দুটি বিনুনি করে বেঁধে সারারাত রেখে দিতে হবে।
সোনাক্ষী তার ভিডিওতে দেখান, সারারাত চুলে জেল লাগিয়ে রাখার পরদিন সকালে বিনুনি খুলতেই এক চমৎকার পরিবর্তন আসে। সম্পূর্ণ সোজা চুলগুলো কোনো রকম হিট বা কেমিক্যাল ছাড়াই সুন্দর ঢেউখেলানো কোঁকড়া চুলে রূপ নিয়েছে। ক্ষতিকারক কেমিক্যাল বা পার্লারের খরচ ছাড়াই চুলের ধরন বদলে ফেলার এই প্রাকৃতিক উপায়টি এখন নেটদুনিয়ায় বেশ প্রশংসিত হচ্ছে।

ফিচার ডেস্ক