বিয়ে ঠিক? সঙ্গীর সাথে এই কথাগুলো বলেছেন তো?
দাম্পত্য মানেই পরম একাত্মতা, আর সেখানে কিছুটা মান-অভিমান বা খুনসুটি থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু এই সম্পর্কের মধুরতায় যদি টাকা-পয়সা নিয়ে তিক্ততা জড়ায়, তবে তা পুরো সংসারের শান্তি নষ্ট করতে পারে।
একটা সময় ছিল, যখন বিয়ের ক্ষেত্রে শুধু পুরুষদের আর্থিক সচ্ছলতা দেখা হতো। কিন্তু বর্তমান যুগে অর্থনৈতিক বাস্তবতায় একা কারও পক্ষে পুরো সংসার সামলানো বেশ কঠিন।
তাই পুরুষদের পাশাপাশি নারীদের আর্থিক স্বাবলম্বিতাও এখন সমান গুরুত্ব পাচ্ছে। বিয়ের পর যাতে এই অর্থই অনাকাঙ্ক্ষিত কলহের কারণ না হয়ে দাঁড়ায়, সেজন্য বিয়ের আগেই সঙ্গীর সঙ্গে আর্থিক বিষয়ে খোলামেলা কথা বলা ভীষণ জরুরি। কিন্তু কোন কোন বিষয়ে কথা বলবেন? চলুন জেনে নেওয়া যাক
১. টাকা-পয়সা নিয়ে দৃষ্টিভঙ্গি ও জীবনধারা
অর্থের ব্যবহারে একে অপরের মানসিকতা কেমন, তা শুরুতেই জানা দরকার। বিয়ের আগে আপনার সঙ্গীর আয়, সঞ্চয়, ভবিষ্যৎ বিনিয়োগ, আর্থিক দায়বদ্ধতা এবং খরচের অভ্যাস কেমন তা নিয়ে খোলামেলা আলাপ করুন। বিয়ের আগের জীবনযাপন আর বিয়ের পরের ব্যয়ের ধরনে বড় পরিবর্তন আসতে পারে, তাই দুজনের দৃষ্টিভঙ্গির সমন্বয় জরুরি।
২. পারিবারিক দায়বদ্ধতা ও যৌথ জীবনের বাস্তবতা
অনেক সময় দেখা যায় সঙ্গী তাঁর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, এবং বাবা-মায়ের সব দায়িত্ব তাঁকেই সামলাতে হয়। আবার যৌথ পরিবারের ক্ষেত্রে হয়তো প্রতি মাসে একটি নির্দিষ্ট ফান্ডে সবাইকে সমান কন্ট্রিবিউশন করতে হয়, যেখানে আর্থিক সিদ্ধান্ত নেন পরিবারের প্রবীণরা। এই ধরনের যেকোনো পরিস্থিতি বিয়ের পর আপনার ব্যক্তিগত আর্থিক অবস্থাতেও প্রভাব ফেলবে। তাই এই বিষয়গুলো আগে থেকেই জেনে রাখা ভালো।
৩. ভবিষ্যৎ সঞ্চয় ও ফিন্যান্সিয়াল গোল
সংসারে দুজনের আয় সমান নাও হতে পারে, তবে যৌথ ভবিষ্যতের জন্য মাসে কত টাকা সঞ্চয় করবেন তা নির্ধারণ করা প্রয়োজন। কোন খাতে কত ব্যয় হবে, আপনাদের দীর্ঘমেয়াদি ফিন্যান্সিয়াল গোল বা আর্থিক লক্ষ্য কী, কিংবা আগামী দিনে কোনো আকস্মিক অর্থ সংকট তৈরি হলে কে কীভাবে তা মোকাবিলা করবেন তা আগেভাগেই আলোচনা করে নিন। লক্ষ্য পরিষ্কার থাকলে ঝামেলা অনেকটাই কমে যায়।
৪. গোপনীয়তা বর্জন ও স্বচ্ছতা বজায় রাখা
সুখী দাম্পত্যের মূল ভিত্তি হলো সততা। আপনার মাসিক খরচের পাশাপাশি কোনো ব্যাংক ঋণ বা ইএমআই থাকলে তা সঙ্গীর কাছে লুকাবেন না। শুধু লাইফস্টাইল বা সামাজিক মর্যাদা বজায় রাখতে গিয়ে অপ্রয়োজনীয় ঋণ নেওয়ার মতো ভুল সিদ্ধান্ত থেকে বিরত থাকুন। অর্থের বিষয়ে যেকোনো লুকোচুরি বা ছোট ভুল অভ্যাস আগামী দিনে বড় বিপদের কারণ হতে পারে। আর সেই কঠিন সময়ে সঙ্গীকে পাশে পেতে হলে শুরু থেকেই স্বচ্ছতা বজায় রাখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
সুন্দর দাম্পত্য জীবনের জন্য শুধু মনের মিল নয়, আর্থিক বোঝাপড়াও সমান গুরুত্বপূর্ণ। তাই চার হাত এক হওয়ার আগেই অর্থ বিষয়ে এই জরুরি আলাপগুলো সেরে নিন।

ফিচার ডেস্ক