রোমের রাজপথে ভেসপা প্রেমীদের বর্ণিল ও জাঁকজমকপূর্ণ মেলা
ইতালির ঐতিহ্য ও আভিজাত্যের প্রতীক আইকনিক স্কুটার ‘ভেসপা’ ৮০ বছরে। এই গৌরবময় মাইলফলক উদযাপন করতে ইতালির ঐতিহাসিক শহর রোমের রাজপথে বসেছিল ভেসপা প্রেমীদের এক বর্ণিল ও জাঁকজমকপূর্ণ মেলা।
ভেসপার ৮০ বছর পূর্তি উপলক্ষে রোমের কেন্দ্রস্থলে হাজার হাজার ভেসপা চালক ও অনুরাগী তাদের প্রিয় স্কুটার নিয়ে জড়ো হন। ভিন্টেজ মডেল থেকে শুরু করে আধুনিক ইলেকট্রিক ভেসপা সব যুগের স্কুটারের উপস্থিতিতে রোমের রাস্তাগুলো যেন একটি জীবন্ত জাদুঘরে পরিণত হয়েছিল। বর্ণিল এই শোভাযাত্রাটি রোমের বিখ্যাত কলোসিয়াম এবং পিয়াজ্জা ভেনিজিয়াসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান প্রদক্ষিণ করে, যা পর্যটক ও স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতুহল সৃষ্টি করে।
১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ইতালিতে প্রথম সাশ্রয়ী ও সহজ যাতায়াত মাধ্যম হিসেবে পিয়াজিও (Piaggio) কোম্পানি এই ভেসপা স্কুটার বাজারে এনেছিল। এর অনন্য ডিজাইন এবং ইঞ্জিনের গুঞ্জনের কারণে ইতালীয় ভাষায় একে ভেসপা নামকরণ করা হয়। গত আট দশকে এটি কেবল যাতায়াতের মাধ্যমই থাকেনি, বরং বিশ্বজুড়ে ফ্যাশন, পপ কালচার এবং মুক্ত লাইফস্টাইলের এক কালজয়ী প্রতীক হয়ে উঠেছে। বিশেষ করে হলিউড সিনেমা ‘রোমান হলিডে’তে অড্রে হেপবার্নের ভেসপা চালানোর দৃশ্য একে রাতারাতি বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় করে তোলে।
আট দশক পেরিয়েও ভেসপার সেই চিরচেনা আবেদন একটুও কমেনি, বরং রোমের এই বর্ণিল উৎসব প্রমাণ করল যে নতুন প্রজন্মের কাছেও এর জনপ্রিয়তা এখনও সমানভাবে উজ্জ্বল।

ফিচার ডেস্ক