বিশ্ব বোন দিবস
ভালো থেকো প্রিয় বোন...
শৈশবের লুকোচুরি খেলা থেকে শুরু করে বড় হয়ে ওঠার প্রতিটি পদক্ষেপে যার ছায়া জড়িয়ে থাকে, যার আঁচলে লুকিয়ে থাকে নিরাপদ আশ্রয় তিনিই বোন। ভালোবাসা, ঝগড়া, আবদার আর অনুভবের এক অদ্ভুত মিতালি নিয়ে জীবনের পথচলায় বোন যেন এক অবিচ্ছেদ্য অংশ। ক্যালেন্ডারের পাতা উল্টে আজ এমন এক বিশেষ দিন, যে দিনটি পুরোপুরি উৎসর্গ করা হয়েছে এই প্রিয় মানুষটির জন্য। আজ বিশ্ব বোন দিবস।
বড় হয়ে যাওয়ার ব্যস্ততায় হয়তো আগের মতো আর রোজকার ঝগড়া হয় না, মুঠোফোনের ওপারে জমে থাকা কথার দূরত্বটুকু অনেক সময় বড় হয়ে ধরা দেয়। তবুও মনের গহিনে এক অদৃশ্য সুতোয় গেঁথে থাকে ভাই-বোনের সেই শৈশবের দিনগুলো। লুকোচুরি করে জমানো চকোলেট ভাগ করে খাওয়া কিংবা হাজারো ভুলের মাঝেও আগলে রাখার সেই উষ্ণতা আজও অমলিন। আজকের এই বিশেষ দিনে একটু থেমে পেছন ফিরে তাকালে মনে পড়ে যায়, পৃথিবীর সব সম্পর্ক বদলে গেলেও বোনের নিঃস্বার্থ ভালোবাসা আর স্নেহের পরশ চিরকাল একই রকম থাকে। জীবনের ঝড়ে-তুফানে হাজারো মানুষ দূরে সরে গেলেও যে হাতটি পরম আস্থার সাথে আমাদের হাত ধরে থাকে, সে তো কেবলই বোন। তাই তো সব না বলা অনুভূতির ভিড়ে আজ মন শুধু বলতে চায় ভালো থেকো প্রিয় বোন, পৃথিবীর সব সুখে আর আগলে রাখার চাদরে।

ফিচার ডেস্ক