পারফেক্ট কাপল ভিকি-ক্যাটরিনা! তাদের সম্পর্কের এই তিন নীতি মানছেন কি আপনিও?
বলিউডের অন্যতম জনপ্রিয় ও চর্চিত জুটি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। অনস্ক্রিন পারফরম্যান্সের পাশাপাশি বাস্তব জীবনেও একে অপরের আদর্শ জীবনসঙ্গী হিসেবে তারা অনুরাগীদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন। কিন্তু পর্দার পেছনের এই সুখে থাকার রহস্য কী? সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্কের এমনই কিছু দারুণ দিক তুলে ধরেছেন অভিনেতা ভিকি কৌশল।
প্রেমের বিয়ে হোক কিংবা অ্যারেঞ্জড ম্যারেজ একটি সম্পর্ককে আজীবন সুন্দর ও প্রাণবন্ত রাখতে ঠিক কী কী বিষয়ের প্রয়োজন? ভিকি কৌশলের অভিজ্ঞতা এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে চলুন জেনে নেওয়া যাক সুখী দাম্পত্যের সেই তিন মূল চাবিকাঠি।
১. ভালোবাসার সঙ্গে চাই নিখাদ বোঝাপড়া
ভিকির মতে, যেকোনো সম্পর্ক টিকিয়ে রাখার প্রথম এবং প্রধান শর্ত হলো ভালোবাসা। তবে কেবল ভালোবাসা থাকলেই সব সমস্যার সমাধান হয় না, এর পাশাপাশি দরকার গভীর বোঝাপড়া ও একে অপরের প্রতি সহানুভূতি। দুটি মানুষ যখন একে অপরকে বুঝতে শেখেন, তখনই সম্পর্কের ভিত শক্ত হয়।
২. ভিন্নতাকে সম্মান জানানোর মানসিকতা
দুজন মানুষ কখনোই হুবহু এক হতে পারেন না। ভাবনা, পছন্দ কিংবা মানসিকতায় বিস্তর ফারাক থাকাই স্বাভাবিক। ভিকি মনে করেন, সঙ্গী আপনার থেকে আলাদা একজন ব্যক্তি এই সত্যটি মেনে নেওয়া জরুরি। আর এখানেই প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধাবোধ। মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সঙ্গীর চিন্তাভাবনাকে ছোট না করে তাকে সম্মান জানানোই একটি সুস্থ সম্পর্কের মূল লক্ষণ।
৩. ইগো দূরে রেখে বাস্তবসম্মত প্রত্যাশা
সম্পর্কে স্বচ্ছতা, বিশ্বাস এবং নির্ভরতা থাকটা অত্যন্ত জরুরি। তবে বিশেষজ্ঞদের মতে, সঙ্গীর কাছে অবাস্তব কোনো প্রত্যাশা রাখা ঠিক নয়। সম্পর্ককে সুন্দর রাখতে একে অপরের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং তা গুরুত্ব দিতে হবে। সম্পর্কে অহংকার বা 'ইগো'র স্থান হলে তা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। পরিণত মন নিয়ে ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে ফেলাই হলো আসল সাকসেস মন্ত্র।
ভিকি কৌশলের এই নীতিগুলো কি কেবল তারকাদের জন্যই প্রযোজ্য, নাকি বাস্তব জীবনের প্রতিটি সম্পর্কের ক্ষেত্রেও এটি একটি চিরন্তন সত্য? উত্তরটা হয়তো আপনার আর আমার প্রতিদিনের ছোট ছোট বোঝাপড়াতেই লুকিয়ে আছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ফিচার ডেস্ক